২৪ ঘণ্টায় ছয় ছিনতাই
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছিনতাইকারীদের গুলি ও ছুরিকাঘাতে আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সূত্র জানায়, এবারও ঈদ সামনে রেখে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। টহল জোরদার ও অভিযান চালিয়ে এদের নিয়ন্ত্রণ করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শান্তিনগরে নিজ বাসার কাছে ছিনতাইকারীরা কলেজছাত্র তন্ময়ের (১৮) দুই হাতে ছুরিকাঘাত করে একটি মোবাইল ফোন নিয়ে যায়। ওই দিন রাতে পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে ফেরিওয়ালা জসিমউদ্দিন (৩২) ছিনতাইয়ের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রাত ১১টার দিকে মুদি দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তুহিন মিয়া। রায়েরবাজারের কাছে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর বেড়িবাঁধে ছিনতাইকারীরা মুরগি ব্যবসায়ী আলমগীরের হোসেনের ডান হাতে গুলি করে তাঁর কাছ থেকে ৪২ হাজার টাকা নিয়ে যায়। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে ব্যবসায়ী কামরুল হাসানের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা হয়। ছিনতাইকারীরা তাঁর পিঠে গুলি করে পালিয়ে যায়। গতকাল রোববার ইফতারের পর চার-পাঁচজন ছিনতাইকারী উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে এ কে এম হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে মারধর করে দুই লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় উত্তরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের শিকার তিনজন থানায় কোনো অভিযোগই করেননি। মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মাত্র তিনটি ছিনতাইয়ের ঘটনা থানায় রেকর্ড করা হয়েছে। তবে ছিনতাইয়ের শিকার বেশির ভাগ মানুষই হয়রানির ভয়ে থানায় মামলা করতে যান না। এ কারণে প্রতিদিন কতজন ছিনতাইয়ের শিকার হচ্ছেন, তার সঠিক তথ্য পাওয়া যায় না। পুলিশের সদর দপ্তর সূত্র জানায়, ২৩ আগস্ট পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে মহাপরিদর্শক নূর মোহাম্মদ ছিনতাইকারী ধরতে সাদা পোশাকে পুলিশের তৎপরতা বাড়াতে নির্দেশ দেন। মহানগর পুলিশ কর্মকর্তারা জানান, এরপর ছিনতাইকারী নিয়ন্ত্রণে সম্ভাব্য স্থান চিহ্নিত করে পুলিশের টহল জোরদার করা হয়।জানতে চাওয়া হলে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুল ইসলাম ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেলে ভ্রাম্যমাণ গোয়েন্দা দল টহল দিচ্ছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তিনি।