২৪ ঘণ্টায়ও শুরু হয়নি তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক জামাল উদ্দীন খুনের সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ২৪ ঘণ্টায়ও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি বিভাগীয় তদন্তকাজও শুরু করা হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গা বাঁচিয়ে কথা বলছেন। ফলে যশোরের সাংবাদিক সমাজ ও নিহত জামাল উদ্দীনের পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুনের পরিকল্পনাকারী যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সেই কর্মকর্তা এএসআই মাসুদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার রাতে মনিরামপুর থানায় বদলি করা হয়েছে। অপর অভিযুক্ত কনস্টেবল শহিদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পাঠানো হয়। আজ শুক্রবার এএসআই মাসুদ গোড়পাড়া ফাঁড়ির দায়িত্ব এএসআই জহির রায়হানের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে।এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার কামরুল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, শাস্তিমূলক নয়, দুই পুলিশ সদস্যকে আগেই নিয়মিত বদলির আদেশ দেওয়া হয়। তদন্তের ব্যাপারে সন্ধ্যায় পুলিশ সুপার বলেন, অবশ্যই ঘটনার তদন্ত হবে। তবে এখনো তা (তদন্ত) শুরু করা হয়নি। এসপি আরও বলেন, ‘সাংবাদিক জামাল খুনের সঙ্গে পুলিশ জড়িত থাকার অভিযোগ উঠলেও পুলিশের হাতে কোনো তথ্য-প্রমাণ নেই, যা আছে তা র্যাবের হাতে। এ জন্য আমরা অনেকটা অন্ধকারে রয়ে গেছি।’সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত এসপি কামরুল আহসানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। বেলা দুইটার দিকে একজন কনস্টেবল এসপির মুঠোফোন ধরে বলেন, ‘স্যার ঘুমাচ্ছেন। আপনি আধা ঘণ্টা পরে যোগাযোগ করেন।’ বিকেল পাঁচটার দিকে আবার মুঠোফোনে যোগাযোগ করে এসপিকে পাওয়া যায়। এ সময় কথা বলার জন্য তাঁর কার্যালয়ে যেতে চাইলে তিনি বলেন, ‘আমি অফিসে নেই।’পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে এএসআই মাসুদ ও কনস্টেবল শহিদকে বদলির আদেশ দেওয়া হয়। অভিযুক্ত এএসআই মাসুদুরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।গতকাল প্রথম আলোয় ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।প্রসঙ্গত, জামাল উদ্দীন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার শার্শার উপজেলার কাশিপুর প্রতিনিধির দায়িত্ব পালন করতেন। সাংবাদিকদের ক্ষোভদৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, প্রথম আলোয় সাংবাদিক জামাল খুনের ঘটনায় এত তথ্য-প্রমাণ দিয়ে প্রতিবেদন করার পরও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাংবাদিকদের জন্য সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাংবাদিক খুনের বিচারের ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যদি এই খুনের বিচার না হয়, তাহলে সাহসী সাংবাদিকতা হুমকির মুখে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘সাংবাদিক জামালের খুনের বিচার চেয়ে আন্দোলন-সংগ্রাম করে আমরা হতাশ হয়েছি। প্রথম আলোর প্রতিবেদনে পুলিশের সংশ্লিষ্টতা নিয়ে যে তথ্যগত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার ওপর ভিত্তি করে দোষী পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু সেটি না করায় আমরা সরকার ও প্রশাসনের আন্তরিকতা নিয়ে রীতিমতো হতবাক হয়েছি।’