২৪ টাকা কেজির রসুন এখন ১২০ টাকা
খুচরা বাজারে প্রতি কেজি দেশি পুরোনো রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চীনা রসুনের দাম ১১০ থেকে ১২০ টাকা। অথচ ২০০৯ সালের মার্চেও প্রতি কেজি দেশি রসুনের দাম ছিল ২৪ থেকে ৪০ টাকা পর্যন্ত। অর্থাত্ ১০ মাসের ব্যবধানে খুচরা ও পাইকারি বাজারে প্রতি কেজি রসুনের দাম ৯৬ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলেছেন, আমদানি ব্যয় বাড়ায় রসুনের দাম বেড়েছে। দেশি রসুনের দাম বাড়ার কারণ হিসেবে অনেক ব্যবসায়ী বলেছেন, একশ্রেণীর মজুদদার, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কারসাজিতেই ধাপে ধাপে রসুনের দাম বেড়েছে। দামের ব্যবধান কমিয়ে আনতে সরকারকে রসুন আমদানির পরামর্শ দিয়েছেন কেউ কেউ। পুরান ঢাকার নয়াবাজারের মুদি দোকানি সাদ্দাম হোসেন জানান, আট-নয় মাস আগেও প্রতি কেজি দেশি রসুন ২৪ থেকে ২৮ টাকা এবং একদানা ৪০ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে তা ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর চীনা রসুনের দাম ১১৫ থেকে ১২০ টাকা।পুরান ঢাকার শ্যামবাজারের মমতাজুল বাণিজ্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন দাম বাড়ার ব্যাপারে বলেন, বর্তমানে চীনা রসুনের মৌসুম শেষ পর্যায়ে। আমদানি খরচও বেশি। প্রতি কেজি রসুনে আমদানি, পরিবহন, শ্রমিক খরচসহ আনুষঙ্গিক খরচ পড়ে ১২ টাকার মতো। তিনি বলেন, বাজারে নতুন দেশি রসুন উঠেছে। এগুলো ৬৫ থেকে ৭২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের পাঁচটি জেলায় বেশি রসুন উত্পাদিত হয়। এগুলো হলো নাটোর, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও মানিকগঞ্জ। এর মধ্যে নাটোরে সবচেয়ে বেশি রসুন উত্পাদিত হয়। বাকি রসুন আসে চীন ও ভারত থেকে। রসুন আমদানিকারক সাফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, নয় মাস আগে চীনে প্রতি টন রসুনের আমদানিমূল্য ছিল ১৬০ ডলার। তা বেড়ে বর্তমানে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ ডলারে দাঁড়িয়েছে। শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার সাহা জানান, গত বছর দেশে পর্যাপ্ত রসুন উত্পাদিত হয়েছে। অনেকে কৃষকের কাছ থেকে অল্প দামে কিনে গুদামজাত করে রাখেন। এখন সুযোগ বুঝে তাঁরা বিক্রি করছেন। পাবনার রসুন ব্যবসায়ী রিপন এন্টারপ্রাইজের মালিক রিপন আলী জানান, এ বছর তাঁদের এলাকায় পর্যাপ্ত রসুন উত্পাদিত হয়েছে। গত বছর মৌসুমের শুরুতে প্রতি কেজি রসুনের দাম ছিল ১৭ টাকা ৫০ পয়সা। এরপর একধাপে দাম বেড়ে ৪০ টাকা হয়। পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে বর্তমানে ৯০ থেকে ৯৫ টাকায় এসে দাঁড়ায়। তিনি জানান, আগামী বৈশাখের মাঝামাঝি সময়ে দেশীয় রসুন বাজারে আসবে। তখন দাম অনেকটা কমে আসবে।