২৪ দিন পর পঞ্চগড়ে অনশন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ দিন অনশনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ে আন্দোলনরত ছিটমহলবাসী অনশন প্রত্যাহার করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আকতার ডাবের পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান।নাগরিকত্বের দাবিতে গত ১৮ মার্চ বিকেল থেকে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক ঘেঁষে পুটিমারি ছিটমহলে স্থাপিত মঞ্চে ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির সদস্যরা আমরণ গণ-অনশন শুরু করেন।অনশন-মঞ্চে সাংসদ ফরিদা আকতার বলেন, ‘প্রধানমন্ত্রীর দূত হিসেবে অনশন ভাঙাতে আপনাদের কাছে এসেছি। ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে কূটনৈতিক অগ্রগতি হচ্ছে। আগামী ৫ মে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসছেন। সেখানে পানি চুক্তি ও ছিটমহল বিনিময়ের বিষয়টি নিয়ে আলোচনা হবে। আশা করি, এ সমস্যার সমাধান হবে। নৈতিক দাবি আদায়ে বাংলাদেশে সক্রিয়। ভারত নমনীয় হলে এসব সমস্যার সমাধান হবে। এরই মধ্যে মাথা গণনা হয়েছে।’ এরপর তিনি প্রধানমন্ত্রীর অনুরোধে অনশন ভাঙার আহ্বান জানান।এই আহ্বানে সাড়া দিয়ে ভারত-বাংলাদেশ ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মো. ময়নুল হক অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, ‘ছিটমহল-বিনিময় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’এ ছাড়া পঞ্চগড়-১ আসনে সরকারদলীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মোহাজার হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, সিপিবির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার প্রমুখ অনশন-মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করেন।