২৪ দিনে ২৪ ছিনতাইকারীর জামিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কারাগার থেকে চলতি মাসের প্রথম ২৪ দিনে ২৪ জন ছিনতাইকারী জামিনে মুক্তি পেয়েছেন। রোজা ও ঈদের বাজারকে সামনে রেখে এসব ছিনতাইকারী আইনের ফাঁক-ফোকর গলে বেরিয়ে আসছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।কারাগার সূত্র জানায়, কারাগারে ছিনতাই মামলার প্রায় ১৫০ জন আসামি আটক ছিলেন। এঁদের মধ্যে মে মাসে দুজন ও জুনে পাঁচজন মুক্তি পেয়েছেন। আর ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মুক্তি পেয়েছেন ২৪ জন। এ নিয়ে তিন মাসে মুক্তি পেলেন ৩১ জন। জামিনে মুক্তি পাওয়া এই ৩১ জনের মধ্যে সাতজন পুলিশের কাছে ভয়ংকর ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ছাড়া হত্যা এবং অস্ত্র আইনেও মামলা আছে। তাঁরা হলেন: আবদুস শুক্কুর, সৈয়দ জসিম উদ্দিন, কামাল উদ্দিন ওরফে ডগ মঞ্জু, রানা ওরফে কুত্তা রানা, কালা মাসুদ, আবদুল মান্নান ও আবুল খায়ের। জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রমজানে ছিনতাইকারীদের জামিনে বেরোনোর প্রবণতা একটু বেশি। তিনি বলেন, ‘ইতিমধ্যে কারা জামিনে বেরিয়েছে, সে তথ্য আমাদের কাছে আছে। আমরা তাদের ওপর নজরদারি করছি, যাতে তারা কোনো অঘটন ঘটাতে না পারে।’পুলিশ সূত্র জানায়, রোজার সময় টাকার লেনদেন সবচেয়ে বেশি হয়। ঈদবাজারকে কেন্দ্র করে দিন-রাতে টাকা-পয়সা নিয়ে মানুষের চলাচলও থাকে অনেক বেশি। আর এটাকে ছিনতাইকারীরা ‘মৌসুম’ হিসেবে বিবেচনা করে। তাই রোজা ও ঈদ এলে নগরবাসীর জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন পুলিশ কর্মকর্তারাও।চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, অপরাধ মামলার আসামিরা রমজান মাসকে লক্ষ্য রেখেই জামিনে মুক্তি পেতে বেশ তৎপর হয়। ইতিমধ্যে অনেকে জামিনে মুক্তি পেয়েছেও। তিনি বলেন, জামিনে বেরিয়ে যাওয়ার পর তারা আবারও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত হয়। অনেকে অনেকবার ধরা পড়ে কারাগারে আসছে, এমন নজিরও কম নয়।ছিনতাই মামলার আসামিদের ব্যাপক হারে জামিন পাওয়া প্রসঙ্গে চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, এটা পুলিশের ব্যর্থতা। প্রত্যেক মামলার সময়মতো সুষ্ঠু তদন্ত হলে আইনের ফাঁক গলে আসামিরা বের হওয়ার এত সুযোগ পেত না। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুজ্জামান দাবি করেন, ‘বিদ্যমান আইনে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে থাকে। এ ক্ষেত্রে পুলিশের ব্যর্থতার কথা বলার অর্থ হচ্ছে ছিনতাইকারীদের পক্ষে অবস্থান নেওয়া। তিনি বলেন, এই ছিনতাইকারীদের হাতে চট্টগ্রামের একজন আইনজীবী খুন হয়েছেন। একজন বিচারকও ছিনতাইকারীর কবলে পড়েছেন। বিচারক, আইনজীবী, পুলিশ ও সাধারণ নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ছিনতাইকারীরা বেপরোয়া হওয়ার সাহস পাবে না। মুক্তির অপেক্ষায় পুলিশ হাকিম : চট্টগ্রামের ভয়ংকর ছিনতাইকারী হিসেবে পরিচিত আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমও জামিনে মুক্তির অপেক্ষায় আছে। কারাগার সূত্র জানায়, পুলিশ হাকিমের বিরুদ্ধে ছয়টি ছিনতাই মামলার মধ্যে চারটিতে জামিন মঞ্জুর হয়েছে। আরও দুটি মামলার জামিন শুনানির অপেক্ষায় আছে।নগরের ডবলমুরিং থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি ছিনতাইকারীর খাতায় নাম লেখান। পুলিশ ও র‌্যাবের পরিচয় দিয়ে তিনি ব্যবসায়ী কিংবা পথচারীদের হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ছিনতাই করেন। এভাবে র‌্যাব পরিচয় দিয়ে ছিনতাই করার সময় গত ২১ এপ্রিল হাকিম ও তিন সহযোগী কামরুল, সেলিম ও ইয়াকুবকে র‌্যাব গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হাকিম দাবি করেন, তিনি লাখ টাকার নিচে ছিনতাই করেন না।হাকিম এর আগে ২০১০ সালের ৯ আগস্ট গ্রেপ্তার হন। আবার গত বছরের ২৫ মার্চ জামিনে মুক্তি পান।