২৪ বছর পরে সুদানে আজ বহুদলীয় নির্বাচন শুরু
সুদানে আজ রোববার ঐতিহাসিক বহুদলীয় সাধারণ নির্বাচন শুরু হচ্ছে। কিন্তু প্রতারণার অসংখ্য অভিযোগ ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে তুলেছে। এ নির্বাচনটি হবে কয়েক দশকব্যাপী গৃহযুদ্ধের ফলে নানা বিবদমান অংশে বিভক্ত এ জাতির নাজুক ঐক্যের একটি পরীক্ষা। প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির তিন দিনব্যাপী এ নির্বাচনে ভোট গ্রহণকালে নির্বাচন কেন্দ্রগুলো পাহারা দিতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উত্তর সুদানে এক লাখ পুলিশ মোতায়েন করবেন। এ নির্বাচনের মধ্য দিয়ে সুদানের প্রেসিডেন্ট, দেশটির প্রায় স্বায়ত্তশাসিত দক্ষিণাঞ্চলের একজন প্রধান প্রশাসক, পার্লামেন্ট ও স্থানীয় নেতাদের বেছে নেবেন সুদানি নাগরিকেরা।ওমর হাসান আল-বশির, পশ্চিম দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধের পরিকল্পনা করার অভিযোগে যাঁর নামে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়েছে, তাঁকে আরও চার বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে নিশ্চিত মনে হচ্ছে। সুদানের নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের কর্মকর্তা আবদাল্লাহ আহমেদ আবদাল্লাহ বলেন, ‘আমরা জানি, এখানে নিখুঁত নির্বাচন বলে কিছু নেই এবং এ নির্বাচনও এই রীতির কোনো ব্যতিক্রম হবে না।’আবদাল্লাহ আরও বলেন, ‘এই নির্বাচন সুদানকে হঠাত্ করেই একটি গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করবে না। তার জন্য সময় ও অভিজ্ঞতা প্রয়োজন।’এদিকে বিরোধী দলগুলো ও তাদের নেতা-কর্মীরা বলছে, এমনকি এই যত্সামান্য আশাও তাদের পূরণ হবে না। তারা সরকারের বিরুদ্ধে ভোটে প্রতারণার আশ্রয় নেওয়াসহ অসংখ্য অন্যায় ও অপকর্মের অভিযোগ করেছে; যা গত ২৪ বছরের মধ্যে সুদানের প্রথম বহুদলীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। এখন দেখা যাক, গৃহযুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আহূত এই নির্বাচন আসলে সুদানকে সাহায্য করবে না আরও ক্ষতিগ্রস্ত করবে।—রয়টার্স