২৪ ব্যাটালিয়নের ৩৩ আসামির বিরুদ্ধে বাদীর সাক্ষ্য প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে জড়িত সন্দেহে ২৪ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে আজ শনিবার সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী জেসিও সুবেদার মতিউর রহমান আজ ৩৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। কাল রোববার পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ সকাল পৌনে ১০টায় বিচারকাজ শুরু হয়ে চলে বেলা একটা ৪০ মিনিট পর্যন্ত। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। আসামিদের আজ আদালতে হাজির করা হয়। আদালতপ্রধানকে সহায়তায় জন্য ছিলেন বিডিআর কর্মকর্তা লে. কর্নেল এ কে এম গোলাম রাব্বানি ও মেজর সাইদ হাসান তাপস। আসামিদের পক্ষে বন্ধু হিসেবে (ফ্রেন্ড অব দ্য একিউজড) ছিলেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার দুজন কর্মকর্তা এবং ১৯ জন আইনজীবী। আদালতে আজ ভিডিও চিত্র, স্থির চিত্র, লাশ উদ্ধারের ছবি—এগুলো বড় পর্দায় দেখানো হয়। পরে ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ দরবার হলের সামনে এক সংবাদ বিফ্রিংয়ে জানান, বিডিআরের আইন অনুযায়ী এসব প্রমাণ গণ্য করা হবে। দেখানো প্রমাণগুলো সাক্ষী দ্বারা শনাক্ত করা হয়েছে। গত ২৬ জুন ৬৬৭ জওয়ানের মধ্যে বিশেষ আদালত-৫-এর কাছে দোষ স্বীকার করেন ২৯ জন, বাকি ৬৩৮ জনই নিজেদের নির্দোষ দাবি করেছিলেন। আদালত বিদ্রোহে জড়িত এসব জওয়ানের বিরুদ্ধে ওই দিনই অভিযোগ গঠন করে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আজকের দিন ধার্য করেন।২৪ রাইফেলের বিদ্রোহের বিচার শুরু হওয়ার পর গত ১ এপ্রিল ৬৬৮ জন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুন দিন ধার্য করেন বিডিআরের তত্কালীন মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। আসামিদের মধ্যে একজন মারা যাওয়ায় ৬৬৭ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। একই দিন মৃত ওই বিডিআর সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেন আদালত।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে সময় পিলখানা ছাড়াও বাইরে কয়েকটি স্থানে বিদ্রোহ হয়। বিডিআর আইনে বিদ্রোহের বিচারে জন্য গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ মোট ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে শুধু বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচার হচ্ছে। এ আইনে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। এর বাইরে পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে।