পিলখানায় বিডিআরে বিদ্রোহে জড়িত থাকার দায়ে ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সর্বোচ্চ সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ১০৮ জন আসামিকে। এ মামলার নয়জন আসামি খালাস পেয়েছেন।পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এর সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা ১১টি মামলার মধ্যে এ নিয়ে চারটির রায় হলো।রায়ে ১০৮ জনকে সাত বছর করে, নয়জনকে ছয় বছর, আটজনকে পাঁচ বছর, তিনজনকে সাড়ে চার বছর, ২৬ জনকে চার বছর, ৫৭ জনকে সাড়ে তিন বছর, ৫২ জনকে তিন বছর, ১৮ জনকে আড়াই বছর, ৮২ জনকে দুই বছর, ৫৫ জনকে দেড় বছর, দুজনকে এক বছর তিন মাস, ৬৭ জনকে এক বছর, ৩৪ জনকে নয় মাস, ৪৭ জনকে ছয় মাস এবং ৮৯ জনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। মাঝে ৩০ মিনিটের বিরতি দিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনানো হয়।আদালতের সভাপতি গতকাল কার্যক্রমের শুরুতে মামলার প্রসিকিউটর মেজর খান মুহাম্মাদ আলাউদ্দিনের কাছে আসামিদের উপস্থিতি ও শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। জবাবে প্রসিকিউটর জানান, মামলার ৬৬৬ জন আসামিই আদালতে উপস্থিত আছেন। তাঁদের মধ্যে দুজন অসুস্থ। এ সময় একজন আসামি কিছু বলতে চাইলে আদালত বলেন, ‘আজ কোনো কথা হবে না। আজ রায় ঘোষণার দিন।’ রায় ঘোষণা শুরু হয় মামলার ১ নম্বর আসামি গোফরান মল্লিকের বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়ার মধ্য দিয়ে।আদালত বলেন, এ মামলায় আসামি ছিলেন ৬৬৮ জন। তাঁদের মধ্যে অভিযোগ গঠনের আগে একজন এবং অভিযোগ গঠনের পর একজন মারা যান। বাকি ৬৬৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলাটি প্রথমে বিশেষ আদালত-৫-এ ছিল। আদালতের সংখ্যা বাড়ানোয় পরে এটি বিশেষ আদালত-৭-এ এসেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুজন কর্মকর্তা আসামিদের আইনি সহায়তা দেন।আদালতের সভাপতি বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সদর দপ্তরে বিদ্রোহের অন্যতম কমান্ড ফোর্স ছিল ২৪ রাইফেল ব্যাটালিয়ন। গত বছরের ৩১ মার্চ ৬৬৮ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ করেন ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান। আসামিদের মধ্যে নায়েক মো. জয়নাল আবেদীন ভূঁইয়া ও হাবিলদার মো. মতিউর রহমানের মৃত্যু হওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিচার চলাকালে দুই দফায় ৩১ জন আসামি দোষ স্বীকার করেন।গত বছরের ২৬ জুন এ মামলার অভিযোগ গঠন করা হয়। ৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং শেষ হয় চলতি বছরের ১৬ মার্চ। মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৮ জন সাক্ষী। আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন ৭৮ জন।আদালত জানান, বিচারের ক্ষেত্রে আসামিদের আচরণ, মুঠোফোনের কললিস্ট, আসামিদের অতীত রেকর্ড, বিদ্রোহের সময় অবস্থান, মুক্তিযোদ্ধা ছিলেন কি না, পদক পেয়েছেন কি না, ঘটনার ভিডিও ও স্থিরচিত্র—এসব বিবেচনা করা হয়েছে।রায় ঘোষণার পর মামলার প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এ মামলার বিচার চলাকালে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আসামি সিপাহি আবদুল বাছেদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সতর্ক করা হয় কয়েকজনকে। তিনি আরও বলেন, দোষ স্বীকার করা ৩১ জনের মধ্যে তিনজন খালাস পেয়েছেন, বাকিদের সাজা কম হয়েছে। আসামিদের মধ্যে আটজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাঁদের সাজা কম হয়েছে।আদালতের অন্য সদস্যরা হলেন, লে. কর্নেল মো. মোজাম্মেল হোসেন ও মেজর সাঈদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী আদালতকে সহায়তা করেন।