২৪ মার্চ ‘কোকিলারা’
ঢাকার মঞ্চে ২৪ মার্চ আবার মঞ্চস্থ হবে থিয়েটারের নাটক কোকিলারা। এই নাটকে একক অভিনয় করেন ফেরদৌসী মজুমদার। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চকথা আয়োজিত একক অভিনয় নাট্যোৎসবে হবে নাটকটির ৭৯তম প্রদর্শনী। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। থিয়েটারের কোকিলারা নতুন করে মঞ্চে আনছেন সুদীপ চক্রবর্তী। ফেরদৌসী মজুমদার বললেন, ‘এই নাটকে সোয়া দুই ঘণ্টা মঞ্চে দাঁড়িয়ে আমি একাই অভিনয় করি। ২০০৬ সালে অসুস্থ হওয়ার পর সেটা আর সম্ভব হয়নি। সবার উৎসাহের কারণে এত দিন পর আবার অভিনয় করব। আর সুদীপও পরম উৎসাহ নিয়ে কাজটা করছে। ও তো এর আগে শূন্যনের লাল জমিন করেছে। থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় নতুন করে মঞ্চে এনেছে।’কোকিলারা নাটকে অভিনয় শুরুর কথা তিনি বললেন এভাবে, ‘একক অভিনয় করার জন্য খুব বেশি প্রয়োজন সাহস, আত্মবিশ্বাস আর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা। কোকিলারা নাটকের স্ক্রিপ্টটা যখন হাতে পেয়েছিলাম, ওই সময় চোখে আর কিছু দেখিনি। সব সময় চোখের সামনে ছিল কোকিলারার স্ক্রিপ্ট। রান্নার জন্য লাউ কাটছি আর পাশে মাটিতে স্ক্রিপ্ট রেখে পড়ছি। স্ক্রিপ্ট মুখস্থর জন্য সারাক্ষণ বিড়বিড় করতাম। সেই দিনগুলোর কথা ভাবলে অবিশ্বাস্য মনে হয়।’আবার নাটকটিতে অভিনয় করার অনুভূতি জানতে চাওয়া হয় ফেরদৌসী মজুমদারের কাছে। তিনি বললেন, ‘আবার মঞ্চে কোকিলারা করতে পরব, কিছুদিন আগেও তা ভাবতে পারিনি। আমি খুবই ভাগ্যবতী। পাশাপাশি ওপরওয়ালাকেও ধন্যবাদ জানাচ্ছি। স্বামী (রামেন্দু মজুমদার) আর মেয়েও (ত্রপা মজুমদার) যথেষ্ট সহযোগিতা করছে। জীবনের শেষ দিন পর্যন্ত এমন করেই মঞ্চে কাজ করে যেতে চাই।’কোকিলারা প্রথম মঞ্চস্থ হয় ১৯৮৯ সালের ১৯ জানুয়ারি। নবরূপায়ণের পাশাপাশি কোকিলারার মঞ্চ ও আলোক পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী।