২৪ লাখ টাকাসহ চালক গ্রেপ্তার
গত ১১ ডিসেম্বর এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দামি মুঠোফোন নিয়ে পালিয়ে যাওয়া চালক আনোয়ার হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বুধবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া বাওয়ালিয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী আলী হোসেকেও (৩২) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান সাংবাদিকদের জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৩৮ লাখ টাকার মধ্যে ২৪ লাখ, ৪০ সিটের একটি মিনিবাস, একটি টেলিভিশন ও একটি ডিভিডি প্লেয়ার। মশিউর রহমান জানান, আসামিরা ১০ লাখ ৪০ হাজার টাকায় মিনিবাসটি কিনেছে। লুট হওয়া বাকি টাকা, চার ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে। গত ১১ ডিসেম্বর এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান নিয়ে মিরপুর শাখা থেকে কাকরাইলের প্রধান কার্যালয়ে যাওয়ার সময় ফার্মগেটের ফুট ওভারব্রিজের নিচে ওই কাভার্ড ভ্যানের সহকারীকে বোকা বানিয়ে অর্থসহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যান চালক আনোয়ার হোসেন।