টেকনাফ-কক্সবাজার মহাসড়কের কেরুনতলী এলাকায় খালের ওপরের সেতুটি কংক্রিটের। সেতুর প্রায় মাঝ বরাবর একটি অংশ দেবে বড় একটি গর্ত হয়ে গেছে। সেখানে কিছু ইট ফেলে একটি গাছের ডাল পুঁতে তার মাথায় লাল কাপড় বেঁধে দিয়েছেন স্থানীয় লোকজন। সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের চালকদের সতর্ক করতেই এ ব্যবস্থা। এই অবস্থায় চরম ঝুঁকি নিয়ে ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টেকনাফ কার্যালয় সূত্রে জানা গেছে, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ৮৯ কিলোমিটারের মধ্যে ছোট-বড় ৫৬টি সেতু ও কালভার্ট আছে। এগুলোর বেশির ভাগই নির্মাণ করা হয়েছে ব্রিটিশ আমলে। ১৯৭১ সালে স্বাধীনতার পরও কিছু সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে বেশির ভাগ সেতু-কালভার্টই দীর্ঘদিনের পুরোনো। এই সময়ে এগুলোর তেমন কোনো সংস্কারও হয়নি। ফলে বেশির ভাগ সেতু-কালভার্টের ওপর বড় বড় গর্ত হয়ে গেছে। অনেকগুলোর রেলিংও ভাঙা অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন। ঝুঁকিপূর্ণ ২৪টি সেতু ও কালভার্ট হলো: হেচ্ছার খালের সেতু, কেরুনতলী, বরইতলী, পাঠানকাটা চার রং সেতু, জাদিমুরা সেতু, আলী খালী সেতু, রঙ্গিখালী কালভার্ট, ওযাব্রাং সেতু, মৌলভীবাজার সেতু, নয়াবাজার-১ কালভার্ট, নয়াবাজার-২ সেতু, লম্বাবিল সেতু, হোয়াইক্যং সেতু, কাটাখালী মাজার সেতু, তুলাবাগান সেতু, থাইংখালী সেতু, উখিয়া বাজার কালভার্ট, উখিয়া গার্লস স্কুল কালভার্ট, হিজলিয়া পালং কালভার্ট, হিজলিয়া পালং লাল সেতু, মরিচ্যা বাজার লাল সেতু, মরিচ্যা সড়ক ও জনপথ বিভাগের কালভার্ট, রাবেতা হাসপাতালের লাল সেতু, ঢেঁউশা পালং সেতু ও পানের ছড়া বাজার সেতু।সরেজমিনে দেখা গেছে, হেচ্ছার খালের ওপর কংক্রিটের সেতুর মাঝখানে বড় একটি গর্ত হয়েছে। রেলিংও ভেঙে গেছে খানিকটা। রঙ্গিখালীতে একটি কালভার্টের মাঝখানেও বড় বড় দুটি গর্ত হওয়ায় সেখানে পাটাতন দিয়ে দেওয়া হয়েছে। এর ওপর দিয়েই যানবাহন চলাচল করছে। মৌলভীবাজার এলাকার কংক্রিট সেতুটির ওপর চারটি বড় বড় গর্ত হয়েছে। পাশাপাশি একাংশের রেলিংও ভেঙে গেছে। হিজলিয়া পালং ও মরিচ্যা সড়ক ও জনপথ বিভাগের কালভার্ট দুটি ধসে পড়ে যাওয়ার পর সেখানে ঝুলন্ত পাটাতন বসানো হয়েছে। পানের ছড়া বাজার এলাকার সেতু ও কালভার্ট দুটিতেই বড় বড় গর্ত এবং দুটিরই দুই পাশের রেলিং ভেঙে পড়েছে। রাবেতা হাসপাতালের পাটাতন লাল সেতুর একটি স্থানে বড় পাটাতন ধসে পড়েছে। মরিচ্যা বাজার লাল পাটাতন সেতুর অংশবিশেষ ধসে পড়ায় সেখানে ২০ ফুট লম্বা একটি ঝুলন্ত সেতু বসানো হয়েছে।এসব সেতু-কালভার্টের ওপর দিয়ে ২০-২৫ টন ওজনের পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। টেকনাফে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কারণে এই সড়কের ওপর চাপটাও অনেক বেশি। ফলে ঝুঁকিপূর্ণ ওই সব সেতু-কালভার্টের ওপর দিয়েই চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।গত ২৩ অক্টোবর মৌলভীবাজার সেতুর দিয়ে যাওয়ার সময় রেলিংয়ের ভাঙা অংশ দিয়ে নিচে খাদে পড়ে যায় একটি মোটরসাইকেল। এতে মারা যান নীলা ইউনিয়নের পানখালী গ্রামের খোকন এবং আহত হন তাঁর দুই বন্ধু।এ ছাড়া চলতি বছরের ২৩ জানুয়ারি পাঠানকাটা চার রং সেতুর রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায় একটি চান্দের গাড়ি। এতে মারা যায় চারজন, আহত হয় আরও ২৮ জন।এর আগের বছর ১১ মে মরিচ্যা লাল সেতু ধসে খালে পড়ে যায় পণ্যবাহী একটি ট্রাক। এতে দুজন মারা যায়, আহত হয় চারজন। ওই ঘটনায় টেকনাফ-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ২৯ দিন।সেতু-কালভার্ট ব্যবহারকারী এলাকাবাসী জানান, বিভিন্ন সময়ে এই মহাসড়কের প্রস্থ বাড়ানো হয়েছে। কিন্তু সেতু-কালভার্টগুলোর প্রস্থ বাড়েনি। সড়কের চেয়ে সরু ওই সব সেতু-কালভার্টের ওপর দিয়ে একসঙ্গে একাধিক যানবাহন চলাচল করতে পারে না। অনেক সময় পাশ কাটিয়ে অতিক্রম করতে গিয়ে (ওভারটেক) রেলিং ভেঙে পড়ে যায় যানবাহন।কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরী বলেন, ঝুঁকিপূর্ণ ওই সব সেতু-কালভার্টে দুর্ঘটনার ঝুঁকি তো আছেই, তা ছাড়া এগুলোর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। এতে মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী মাহমুদুল হাসান ও আবুল হাশেম জানান, বিভিন্ন স্থানের সেতু-কালভার্টের গর্তে পণ্যবাহী ট্রাক আটকে পড়ে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ সরকার প্রতি মাসে এ স্থলবন্দর থেকে পাঁচ-সাত কোটি টাকা রাজস্ব আদায় করছে। এর পরও এ মহাসড়কের সেতু-কালভার্টগুলো সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।এ ব্যাপারে সওজের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে জানান, অর্থ বরাদ্দ না থাকায় সেতু-কালভার্টগুলো সংস্কার করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে একটি প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ সেতুগুলো নতুন করে সংস্কারের জন্য নকশার কাজ চলছে। বরাদ্দ পাওয়া গেলে সেতু-কালভার্টগুলো সংস্কার করা হবে।কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্টগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতু-কালভার্টের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সওজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।