২৪৬ একর জমি বুঝে নিল পিডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর দক্ষিণ পার আনোয়ারার রাঙাদিয়া ও মাঝের চরে গতকাল মঙ্গলবার ২৪৬ একর খাসজমির দখল বুঝে নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ জমির মধ্যে এ কে খান গ্রুপের ১৬১ একর এবং বসুন্ধরা গ্রুপের ৩২ একর ইজারা নেওয়া জমি রয়েছে। এসব জমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তারা ইজারা নিয়েছিল।জেলা প্রশাসন সূত্র জানায়, এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দুই মাস আগে এ জমি জেলা প্রশাসন অধিগ্রহণ করে। গতকাল তা পিডিবিকে বুঝিয়ে দেওয়া হয়। দখল নেওয়ার পর পিডিবি সেখানে সীমানা পিলার ও সাইনবোর্ড লাগিয়ে দেয়। জেলা প্রশাসন ও পিডিবির সমন্বয়ে চার প্লাটুন পুলিশের সহায়তায় গতকাল চার ঘণ্টা ধরে জমি দখলমুক্ত করা হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) আমরা মোট ২৪৬ একর জমির দখল পিডিবিকে বুঝিয়ে দিয়েছি। এ কে খান গ্রুপ ও বসুন্ধরা—উভয় প্রতিষ্ঠান এ জমি ইজারা নিয়েছে বলে দাবি করছে। কিন্তু আমাদের হিসাবে এগুলো খাস খতিয়ানভুক্ত। তবে রাষ্ট্রীয় প্রয়োজনে যেকোনো সময় তা অধিগ্রহণ করা যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার হলে তা দেওয়া হবে।’ পিডিবির কর্মকর্তারা জানান, এ কে খান ১৯৬৭ সালে এবং বসুন্ধরা ২০০৬ সালে এ জমি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেয়। বসুন্ধরার প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের আনোয়ারায় কর্মরত ব্যবস্থাপক (হিসাব) জহিরুল হক বলেন, ‘আমাদেরও প্রায় ৪৬ একর জমি পিডিবি দখলে নিয়েছে। উচ্ছেদের আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি।’এ প্রসঙ্গে জানতে চাইলে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের প্রকল্প প্রধান এনামুল জি চৌধুরী বলেন, ‘সরকার গায়ের জোরে অনেক কিছু করে। পিডিবি আজ যে দখল নিল, তা মূলত এ কে খানের জমি। কিন্তু ওই দাগের মধ্যে আমাদের সামান্য জমি পড়েছে বলে মনে হয়। আমাদের আগে কোনো নোটিশ না দিয়ে খুঁটি পুঁতে চলে গেলেন তাঁরা।’ বসুন্ধরার এই কর্মকর্তা আরও বলেন, ‘সরকার ইজারা বাতিল না করে জমি অধিগ্রহণ করেছে। সরকার চাইলে অধিগ্রহণ করতে পারে। কিন্তু তা আগে জানানো দরকার ছিল।’ এ কে খান কোম্পানি লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. শামসুদ্দীন খান বলেন, ‘আমাদের ২০০ একর জায়গা দখলে নিয়েছে পিডিবি। এগুলো আমাদের ইজারা নেওয়া জমি। উচ্ছেদের আগে আমাদের কোনো নোটিশও দেওয়া হয়নি।’তবে উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী ইলিয়াস রহমান জানান, তাঁদের অভিযোগ সত্য নয়। উভয় প্রতিষ্ঠানকে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ২০০৬ সালে এখানে ২৬৪ একর জমি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নিয়ে মাটি ভরাট শুরু করে। এ সময় এখানকার অনেক গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কর্ণফুলীর মোহনা থেকে বালু তুলে ওই জায়গা ভরাটের কারণে পারকি সমুদ্রসৈকত দেবে যাওয়ার অভিযোগও রয়েছে। সরেজমিনে দেখা গেছে, গতকাল বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি (এলএ) এম হুমায়ুন কবির, পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন সরকার ও কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. নাইমুল হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ এই অভিযানে নেতৃত্ব দেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন বলেন, ওখানে বিদ্যুৎ প্রকল্পের জন্য পাঁচ শতাধিক একর জমি পিডিবিকে দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে বসুন্ধরা কর্তৃপক্ষের দখলে থাকা অনেক জমি রয়েছে। পর্যায়ক্রমে বাকি জমিগুলোও দখলমুক্ত করে পিডিবিকে বুঝিয়ে দেওয়া হবে।