২৫, ২৬ ও ২৭ এপ্রিল হজ মেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ষষ্ঠ হজ ও ওমরাহ মেলা আয়োজনের ঘোষণা দিয়েছে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)। এ বছর এজেন্সির মাধ্যমে যাঁরা হজে যাবেন, তাঁদের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে।আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি মো. ইব্রাহিম জানান, বেসরকারি ব্যবস্থাপনায় যাঁরা হজে যাবেন, তাঁদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাধারণ প্যাকেজে খরচ পড়বে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে তিন লাখ ৪৩ হাজার টাকা।মো. ইব্রাহিম বলেন, সরকার শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছে। কিন্তু শুধু দুটি এয়ারলাইনস দিয়ে সব যাত্রী পরিবহন সম্ভব হবে না। তাই তৃতীয় আরেকটি উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানিয়েছে হাব। এ ছাড়া মধ্যস্বত্বভোগী ও দালালদের মাধ্যমে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।