পাবনা জেলা প্রশাসনে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় ২৫ জন আসামির জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে দ্রুত বিচার আদালতের বিচারক পারভেজ শাহরিয়ার আসামিদের জামিন আবেদন খারিজ করে দেন। তবে অসুস্থ থাকায় একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের মামলায় আজ শুনানির তারিখ ধার্য ছিল। বেলা ১১টার দিকে জেল হাজতে থাকা ২৬ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের পক্ষে জামিন আবেদন জানানো হয়। আদালত ২৫ জনের জামিন নামঞ্জুর করেন। তবে অসুস্থ আসামি জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ রহমান সজলের জামিন মঞ্জুর করেন আদালত। ২৭ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা সন্ত্রাসী হামলায় ভণ্ডুল হয়। এ দিন রাতে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৩১ জন নেতা-কর্মীকে আসামি করে সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন।