২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও: ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামের কটূক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও জাতীয় সংসদে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তির আইন পাসের দাবিতে আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে ইসলামী আন্দোলনের ডাকা এক সমাবেশে এ ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।৫ এপ্রিলের মধ্যে নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার ও শাস্তির উদ্যোগ না নিলে হেফাজতে ইসলামীর ডাকা ৬ এপ্রিলের ঢাকা অভিমুখে লংমার্চে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন রেজাউল করিম। এ ছাড়া মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ৪ এপ্রিল ঢাকার জাতিসংঘ দূতাবাসে স্মারকলিপি পেশ এবং ৮ ও ৯ মে মিয়ানমার অভিমুখে লংমার্চের কথাও ঘোষণা করা হয় সমাবেশ থেকে।সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনঃস্থাপন, নাস্তিক ব্লগারদের শাস্তির আইন পাস, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়।সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, দলটির মহাসচিব ইউনুস আহমাদ, এ টি এম হেমায়েত উদ্দিন, মাহবুবুর রহমান, সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।