২৫ এপ্রিল সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী যাবে
প্রবাসীকল্যাণ-মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রথম দফায় ২৫ এপ্রিল মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। আজ বুধবার মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী বলেন, ‘অনেকে বলার চেষ্টা করেছে, আমরা ব্যর্থ হয়েছি। এটি পুরোপুরি মিথ্যা প্রচারণা। আজকে আমরা ঢাকায় অবস্থিত মালয়েশীয় দূতাবাস থেকে ২০০ জনের ভিসা পেয়ে যাব। ২৫ এপ্রিল তাঁরা মালয়েশিয়া যেতে পারবেন।’২০১০ সালে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৩ জন অনাবাসী বাংলাদেশিকে আজ মন্ত্রণালয়ে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড দেওয়া হয়। কার্ড দেওয়ার সময় মন্ত্রী বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের সূর্যসন্তান। তাঁরা এ দেশের অর্থনীতি সচল রেখেছেন। আর সে কারণে এ সরকার প্রবাসীবান্ধব।’ সিআইপি কার্ড পাওয়া ব্যক্তিরা হলেন: যুক্তরাজ্যের আবদুর রহিম ও মৌলা মিয়া; সৌদি আরবের লিয়াকত আলী ও কাজী নুরুল আলম; সংযুক্ত আরব আমিরাতের রেজাউল আজিম; ইতালির মো. ইদ্রিস ও জাহাঙ্গীর হোসেন; ওমানের মেহেরুন নেছা আক্তার; অস্ট্রেলিয়ার সিনথিয়া রহমান ও কুয়েতের মো. আবদুল্লাহ। আর বাংলাদেশের পণ্যের আমদানিকারক হিসেবে কার্ড পেয়েছেন রাশিয়ার মনোয়ার হোসেন এবং আরব আমিরাতের মো. আলী ও তাজুল ইসলাম।