২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মতিনের প্রতি আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণের মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন এবং সাবেক নৌপরিবহনসচিব ও বর্তমানে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য শেখ মোতাহার হোসেনকে ২৫ কোটি টাকা পরিশোধের আদেশ দিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোহসিনুল হক এ আদেশ দেন।আদেশে বিচারক বলেন, এম এ মতিন ও মোতাহার হোসেনকে ক্ষতিপূরণের ২৫ কোটি টাকাসহ বাদীর মামলা পরিচালনার যাবতীয় খরচ পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে ওই সম্পত্তি নিলামে বিক্রি করে ডিক্রিকৃত অর্থ পরিশোধ করতে হবে। অথবা সমুদয় অর্থ পরিশোধ না করা পর্যন্ত মামলার বাদী ওই দুজনকে দেওয়ানি কয়েদখানায় বন্দী রাখারও আবেদন করতে পারবেন।২০০৯ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এ কে এম ইমরুল কায়েসের আদালতে চট্টগ্রামের বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সেলিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপদেষ্টা হিসেবে এম এ মতিন নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) অপারেটর নিয়োগের জন্য ডাকা একটি দরপত্র বেআইনি ও অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। এভারেস্ট এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা হলেও কাজটি তারা পায়নি। ফলে এভারেস্ট এন্টারপ্রাইজের ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।এ ছাড়া ওই দরপত্র বাতিলের ক্ষেত্রে উপদেষ্টা মতিন ও সাবেক সচিব মোতাহার হোসেনের বিশেষ উদ্দেশ্য ছিল বলেও বাদীর আরজিতে অভিযোগ করা হয়।