২৫ কোটি টাকার অবৈধ জাল পোড়াল কোস্টগার্ড
চাঁদপুরের মেঘনা নদী থেকে জব্দ করা প্রায় ২৫ কোটি টাকার কারেন্ট, কোনা ও মশারি জাল পুড়িয়েছেন কোস্টগার্ড সদস্যরা। আজ রোববার দুপুরের দিকে শহরের ডাকাতিয়া নদীর পাড়ে মুখার্জিঘাটে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের উপস্থিতিতে জালগুলো পোড়ানো হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জহুরুল হক প্রথম আলো ডটকমকে জানান, চার মাস ধরে চাঁদপুরের মেঘনা নদীর মোহনা, বহরিয়া, হরিনা ফেরিঘাট, আলুর বাজার ঈশানবালা, চরভৈরবী, ষাটনল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা। তিনি আরও জানান, চাঁদপুরের ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকায় অক্টোবর মাসের ১৫ দিন ‘মা-ইলিশ সংরক্ষণ ও জাটকা রক্ষা কর্মসূচি’ পরিচালিত হয়। এ সময় নদীতে যেকোনো ধরনের জাল ফেলা নিষিদ্ধ থাকে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও বছরের অন্যান্য সময়ে কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে জেলেরা নদীতে মাছ ধরার সময় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।