২৫ ক্রিকেট বাজিকর সরকারের নজরদারিতে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটকে পুঁজি করে আন্তর্জাতিক ক্রিকেট বাজিকরেরা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি আজ বুধবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, ২৫ জন আন্তর্জাতিক বাজিকরের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিমানবন্দরগুলোতেও নজরদারি রয়েছে। বিসিবি আগেই ওই ২৫ জুয়াড়ির পাসপোর্ট নম্বর ও ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বলেও জানান তিনি।এদিকে, বুধবার সকালে মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা প্রতিমন্ত্রীকে জানান, মোবাইল ফোনের সিম কেনার সময় জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হওয়ার কারণে সিমের বিক্রি অনেক কমে গেছে। তাঁরা মোবাইল সিমের ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান।প্রতিমন্ত্রী তাঁদের জানান, জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ার পর যদি মোবাইল ফোনের সিম বিক্রি কমে যায়, তাহলে বুঝতে হবে আগে অবৈধভাবে অনেক সিম বিক্রি হয়েছে। তিনি মোবাইল ফোনে অপরাধপ্রবণতা কমানোর জন্য সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।