২৫ ঘণ্টা পর বাসের সন্ধান, উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে তুরাগ নদে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটির অবস্থান ২৫ ঘণ্টা পর শনাক্ত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সালেহপুর সেতুর প্রায় ২০০ গজ দূরে ৪০ ফুট পানির নিচে বাসটির সন্ধান পান উদ্ধারকর্মীরা। রাত ১২টা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি।এদিকে বেলা দেড়টার দিকে নদের তলদেশ থেকে মকবুল হোসেন কাজী (৩৮) নামের এক বাসযাত্রীর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। এর আগে গত রোববার দুর্ঘটনার পর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী মনোয়ারা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।রাজধানীর বাড্ডা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের একটি বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-৪৪৮০) রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সালেহপুর সেতুতে ওঠার সময় তুরাগ নদে পড়ে ডুবে যায়। অপর একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চালাতে গেলে এ ঘটনা ঘটে। বাসের চালক আবদুল খালেক নিখোঁজ রয়েছেন। তবে তাঁর সহকারী কামাল হোসেন বেঁচে আছেন।উদ্ধারকর্মীরা জানান, নদের তলদেশে একটি গর্তে বাসটি রয়েছে। প্রবল স্রোতের কারণে তাঁরা বাসে ঢুকতে পারেননি। ধারণা করা হচ্ছে, বাসে আটকে পড়া যাত্রীদের সবাই মারা গেছে। বাসে কতজন যাত্রী ছিল, সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।সর্বশেষ রাত ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদউল্লাহ প্রথম আলোকে জানান, চেইন কপ্পার (রাস্তার পাশে খাদ থেকে দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক কপিকল লাগিয়ে তোলার পদ্ধতি) সাহায্যে বাসটি পাঁচ ফুট ওপরে তোলা হয়েছে। গর্ত থেকে পুরো তুলতে হলে বাসটিকে আরও সাত ফুট উঠাতে হবে।উদ্ধারকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বেলা দেড়টার দিকে তুরাগের তলদেশ থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পরিদর্শক মো. চান মিয়া একটি লাশ উদ্ধার করে তীরে আনেন। বোরহানউদ্দিন নামের এক যুবক লাশের পরনে থাকা প্যান্ট দেখে লাশটি তাঁর ভগ্নিপতি মকবুল হোসেন কাজীর বলে শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদের উপস্থিতিতে পুলিশ লাশটি বোরহানের কাছে হস্তান্তর করে। সাংসদ জানান, লাশ দাফনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।বোরহান জানান, মকবুল ঢাকায় থাকতেন এবং রঙের ঠিকাদারি করতেন। হজযাত্রী এক আত্মীয়কে দেখতে তিনি ওই বাসে করে সাভারে যাচ্ছিলেন।বিক্ষোভ-অবরোধ: উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ এনে সকাল ১০টার দিকে কয়েক শ লোক সালেহপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। প্রায় এক ঘণ্টা এ অবস্থা চলে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।উদ্ধারকাজ: বাসটির সন্ধানে গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাসদস্যরা অভিযান জোরদার করেন। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর তিনটি নৌকায় করে উদ্ধারকর্মীরা সম্ভাব্য স্থান চিহ্নিত করেন এবং ডুবুরিরা পর্যায়ক্রমে সেসব স্থানে নেমে তল্লাশি চালান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌবাহিনীর উদ্ধারকারী দুটি জাহাজও সকাল থেকে প্রস্তুত রাখা হয়। পরে যোগ হয় নৌবাহিনীর একটি ক্রেন ও সেনাবাহিনীর দুটি রেকার। ফায়ার সার্ভিস, সেনা, নৌ, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারক করেন। উদ্ধার অভিযানে থাকা সেনাবাহিনীর একটি বোট দুপুর ১২টার দিকে উল্টে যায়। তবে কোনো ক্ষতি হয়নি। দুপুর সাড়ে ১২টার দিকে চান মিয়া বাসটির সন্ধান পান। উদ্ধারকর্মীরা দড়ি দিয়ে বাসটিকে ইঞ্জিনচালিত দুটি নৌকার সঙ্গে বেঁধে রাখেন। একপর্যায়ে চান মিয়া নদের তলদেশ থেকে মকবুলের লাশ তুলে আনেন। পচন ধরে যাওয়া লাশটি বাসের বাইরে ছিল। এরপর চেষ্টা করেও আর কোনো লাশ উদ্ধার করতে পারেননি উদ্ধারকর্মীরা। বিকেল চারটার পর তাঁরা বাসটিকে উদ্ধারকারী জাহাজ দুটির সঙ্গে ইস্পাতের দড়ি দিয়ে বেঁধে টেনে আনার চেষ্টা করে ব্যর্থ হন।বিকেলে সেতুর পাশে খালি জায়গায় লাশ রাখার জন্য তাঁবু টানানো হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা লাশের জন্য ৪০টি ব্যাগ রেখেছেন।বাসটি নদে পড়ার পর রোববার স্থানীয় লোকজন প্রথমে নৌকা দিয়ে উদ্ধারকাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। সেনাবাহিনীর প্রকৌশল কোরের সদস্যরাও সেখানে ছিলেন। বাসের অবস্থান শনাক্ত করতে পানির নিচে সার্চ ক্যামেরা নামানো হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি লাইটিং ইউনিটও সেখানে যায়। রাতে নৌবাহিনীর স্যোনার (সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং) যন্ত্র দিয়ে বাসটির সন্ধান করা শুরু হয়। তবে রাতভর চেষ্টা করেও বাসের অবস্থান শনাক্ত করা যায়নি।মকবুলের লাশ উদ্ধারের পর চান মিয়া সাংবাদিকদের জানান, যে স্থানে বাসটি আছে, সেখানে গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়ায় কাছে যাওয়া যাচ্ছিল না। ফাটল বন্ধ করা হলে তিনি লাশটি উদ্ধার করেন। বাসে আরও লাশ আছে।ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক গতকাল দুপুরে স্বজনহারাদের উদ্দেশে হাতমাইকে বলেন, ‘ডুবে যাওয়া বাসটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। লাশ উদ্ধার হচ্ছে। আপনারা যেভাবে লাশ চাইবেন, সেভাবেই লাশ দেওয়া হবে।’ তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি প্রথম আলোকে বলেন, লাশ শনাক্তের পর ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হবে।ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক আবদুস সালাম জানান, প্রবল ঘূর্ণিস্রোতের কারণে ডুবুরিরা বাসের ভেতর যেতে পারছেন না। তাঁরা বারবার বিপদের মুখে পড়ছেন।ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘আমাদের যে সরঞ্জাম রয়েছে, তা দিয়ে সর্বাত্মক চেষ্টা চলছে। স্থানীয় লোকজনের কাছে শুনেছেন, বাসটি যেখানে আছে সেখানে গভীর পুকুর আছে। বিকেলে বাসের সঙ্গে ইস্পাতের দড়ি বেঁধে ৩০০ টন ওজনের বার্জ দিয়ে বাসটি সেখান থেকে সরানোর চেষ্টা করা হলেও তা নড়েনি।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বী মিয়া রাতে জানান, বাসটিকে তীরে আনার জন্য চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ভাসমান ক্রেন আনা হচ্ছে। আজ (মঙ্গলবার) সকালে ক্রেনটি পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. মোজাফফর আহমেদ জানান, লাশ উদ্ধার করে দ্রুত যাতে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে।উদ্ধারকাজ পরিদর্শনে গিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ধরনের দুর্ঘটনার পর উদ্ধারকাজে যেসব সরঞ্জাম থাকা দরকার, তার অভাব রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যতক্ষণ সব লাশ উদ্ধার না হবে, ততক্ষণ এই অভিযান চলবে।ঘটনাস্থলে ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক সাংবাদিকদের বলেন, এত সরঞ্জাম আনা হয়েছে, কিন্তু লাশ উদ্ধার না হওয়া হতাশাজনক।স্বজনদের অপেক্ষা: দুর্ঘটনার পর থেকে ওই বাসের যাত্রীদের স্বজনেরা নদের তীরে অপেক্ষা আর বিলাপ করছেন। স্কুলছাত্র ফয়সাল হোসেন তার বাবা হাফিজুর রহমানের খোঁজ পেতে রোববার দুপুর থেকে সেখানে আছে। সে জানায়, তার বাবা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) জামে মসজিদের ইমাম। তিনি ইমাম সমিতির জন্য সাভারে জমি কিনতে সঙ্গে ১৪ লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। রোববার বেলা ১১টা ১৮ মিনিটে বাবার সঙ্গে তার শেষ কথা হয়। এর পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ।শাহীন খান নামের আরেকজন জানান, বাসে যাওয়ার সময় তাঁর ভাই আনোয়ার হোসেনের সঙ্গে কথা হচ্ছিল। একপর্যায়ে মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। এখনো তা বন্ধ।উৎসুক মানুষের ভিড় ও যানজট: রোববার ঘটনার পর থেকে গত রাত পর্যন্ত হাজারো উৎসুক মানুষ ভিড় করে নদের দুই পাড়, মহাসড়ক ও এর আশপাশে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। দুপুরের পর মানুষের ভিড় আরও বাড়ে। জনতার অবস্থানের কারণে মহাসড়ক সরু হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলের দুই দিকে মহাসড়কের চার কিলোমিটার অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পুলিশ রাস্তা থেকে জনতাকে সরালেও কিছুক্ষণ পর পর তারা আবার রাস্তায় ভিড় করে।মামলা হয়নি: মর্মান্তিক এই ঘটনার ব্যাপারে গত রাত পর্যন্ত সাভার থানায় মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যাত্রীদের তালিকাও করা হয়নি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে মামলা করার কোনো সিদ্ধান্ত হয়নি।খোঁজ নিয়ে জানা যায়, রোববারের ওই দুর্ঘটনার পর থেকে বাড্ডা-সাভার রুটে বৈশাখী পরিবহনের কোনো বাস চলাচল করেনি।বাসচালকের সহকারী বেঁচে আছেন: বৈশাখী পরিবহনের চেয়ারম্যান সোহেল রানা প্রথম আলোকে বলেন, ওই বাসের চালকের সহকারী কামাল বেঁচে আছেন। তিনি তাঁকে ফোনে বলেছেন, হঠাৎ শব্দ হয়। এর পর তিনি ছিটকে পানিতে পড়ে যান। এতে তাঁর পা ভেঙে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে স্বজনেরা তাঁকে গ্রামের বাড়িতে নিয়ে যান।