প্রায় চিকিৎসকশূন্য হয়ে পড়েছে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৫ জন এবং পৌরসভার বাইরের ১০টি ইউনিয়নে ১০ জন চিকিৎসা কর্মকর্তাসহ ২৫ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন অর্থোপেডিক কনসালট্যান্টসহ চিকিৎসক রয়েছেন মাত্র পাঁচজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকাণ্ডেই ব্যস্ত থাকতে হয়। এ কারণে মাত্র চারজন চিকিৎসা কর্মকর্তা দিয়েই চলছে উপজেলার আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবা। জেলার একমাত্র জরুরি প্রসূতি সেবাকেন্দ্র (ইওসি) এ হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকাকালে এখানে মাসে ২০-২৫টি সিজারিয়ান অপারেশন হতো। প্রায় এক বছর ধরে তাও বন্ধ রয়েছে।সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা গেছে, বদলি হয়ে যাওয়া চিকিৎসকদের কক্ষে তালা ঝুলছে। কয়েকজন মহিলা রোগী বন্ধ কক্ষের সামনে ডাক্তারের জন্য বিষণ্ন মনে অপেক্ষা করছেন। চিকিৎসা কর্মকর্তা একরামুল হক দোতলায় ভর্তি রোগীদের পরামর্শ দিচ্ছেন। নিচে বহির্বিভাগ ও জরুরি বিভাগে একজন ব্রাদার (নার্স) আর তিনজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগেই তিন থেকে চার শ রোগী আসে। চার কিলোমিটার দূর থেকে আসা উপজেলার গৌরীপাশা গ্রামের শহীদ হাওলাদারের স্ত্রী মাহেনুর বেগম (৪০) এবং ১০ কিলোমিটার দূর থেকে আসা গোপালপুর গ্রামের আবদুল খালেকের স্ত্রী তাসমিমা (৩৮) জানান, তাঁরা চিকিৎসক না পেয়ে ব্রাদার কাজলের কাছ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। ডেন্টাল টেকনিশিয়ান মামুনুর রশীদ জানান, প্রতিদিন অনেক দাঁতের রোগী আসলেও যন্ত্রপাতি না থাকায় ভালো চিকিৎসা দেওয়া যাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘চারজন চিকিৎসা কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ সামলাচ্ছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা, গাইনি বিশেষজ্ঞসহ ২০ জন চিকিৎসক না থাকায় প্রতিদিন শ শ রোগী সামলাতে চরম অসুবিধা হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানিয়েছি।’