২৫ জুলাই ইন্দিরা গান্ধীর সম্মাননা নেবেন সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া সম্মাননা ২৫ জুলাই ঢাকায় গ্রহণ করবেন কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সরকার আরও বেশ কয়েকজন বিদেশির পাশাপাশি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীকে এ সম্মাননা দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল রোববার প্রথম আলোকে জানিয়েছেন, শিশুদের স্নায়ুঘটিত অসুস্থতা অটিজম-বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৫ জুলাই ঢাকায় আসছেন সোনিয়া গান্ধী। দিনব্যাপী সফরের ফাঁকে ইন্দিরা গান্ধীর সম্মাননা গ্রহণ করবেন তাঁর পুত্রবধূ সোনিয়া।সফরের সময় কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। ২৫ জুলাই বিকেলে বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সোনিয়া গান্ধীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এতে থাকবে একটি মানপত্র ও স্মারক। প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধী ছাড়াও আরও প্রায় ৫০০ বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হবে। বিশেষ সম্মাননা দেওয়ার পাশাপাশি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে রাজধানীর একটি সড়কের নাম রাখা হবে ইন্দিরা গান্ধী সড়ক। অটিজম-বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সোনিয়া গান্ধী ঢাকায় আসবেন। তিনি ২৫ জুলাই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন। এ ছাড়া শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শ্রীরান্থি রাজাপক্ষে, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ফাহমিদা মির্জা এবং চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ ও ভুটানের কয়েকজন মন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ‘অটিজম স্পিকস’-এর সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ সম্মেলনের আয়োজন করেছে।