২৫ জুলাই গণ-অনশনের বদলে বিক্ষোভ করবে বিএনপি
সরকার পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দেবে না—এই আশঙ্কায় ২৫ জুলাই পল্টন ময়দানে গণ-অনশনের কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। অনশনের বদলে সেদিন বিক্ষোভ করবে দলটি।আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।রিজভী আহমেদ বলেন, সরকার যে পল্টন ময়দানের অনুমতি দেবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে তাঁরা ৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেন। কিন্তু আজ বিকেল পাঁচটা পর্যন্ত অনুমতি পাননি তাঁরা। কাল শুক্রবার ও পরের দিন শনিবার সরকারি ছুটি। কাজেই এই দুই দিনও অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই। তাই তাঁরা ধরে নিয়েছেন, সরকার বিএনপিকে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দিচ্ছে না। এ কারণে ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।