২৫ জুলাই পল্টন ময়দানে অনশন করবে বিএনপি
বন্দী নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এবং বিভিন্ন ঘটনার প্রতিবাদে ২৫ জুলাই রাজধানীর পল্টন ময়দানে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি। সেদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ কর্মসূচিতে অংশ নেবেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দলের যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সরকার সংবিধান ও আইন না মেনে রাষ্ট্র চালাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি এ অবস্থায় নীরব বসে থাকতে পারে না।খোন্দকার দেলোয়ার জানান, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হামলা, ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের নিখোঁজ হওয়াসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এবং বন্দী নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।যৌথ সভায় অংশ নেওয়া দলের কয়েকজন নেতা জানান, গণ-অনশনের কর্মসূচি দেওয়া হলেও শেষ পর্যন্ত এটি জনসভায় রূপ নেবে। বেলা তিনটা নাগাদ জনসভার কাজ শুরু হবে। শেষ পর্যায়ে বিএনপির চেয়ারপারসন এতে বক্তব্য দেবেন।বিএনপির মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরসহ কয়েকটি জেলার নেতারা উপস্থিত ছিলেন।যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের আরও বলেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার নেই। যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা স্বৈরশাসকের মতো দেশ চালাচ্ছেন। বিএনপির শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে সরকার বাধা দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষায় মেতে উঠেছে। তিনি অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের দলীয় আদর্শের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ, দেশের প্রশাসন চলবে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে, কোনো দলীয় আদর্শে নয়।সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় সংসদীয় কমিটির ব্যাপারে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে খোন্দকার দেলোয়ার বলেন, এ বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেটি এখনো পড়া হয়নি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ চিঠি পড়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।