২৫ জুলাই পল্টনে বিএনপির অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের প্রতি বিভিন্ন অভিযোগ তুলে এ সবের প্রতিবাদে আগামী ২৫ জুলাই পল্টন ময়দানে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন করবে দলটি।আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি জানিয়েছে, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন-হামলা, ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের নিখোঁজ হওয়াসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণার আগে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, সরকার সংবিধান ও আইন না মেনে রাষ্ট্র চালাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি এ অবস্থায় নীরব বসে থাকতে পারে না।সংবিধান সংশোধনের জন্য সরকার সর্বদলীয় যে সংসদীয় কমিটি গঠন করেছে—সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় খোন্দকার দেলোয়ারের কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেটি এখনো পড়া হয়নি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ চিঠি পড়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।