২৫ বছর পর মিয়ানমারকে অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক
এশিয়ার দ্বিতীয় দরিদ্রতম দেশ মিয়ানমারকে গত ২৫ বছরের মধ্যে এই প্রথম অর্থ দেবে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি মিয়ানমারের জন্য আট কোটি মার্কিন ডলার মঞ্জুরি সহায়তা ও ঋণ অনুমোদন করেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, এই অর্থ দেশটির গ্রামীণ এলাকায় যোগাযোগ-ব্যবস্থার উন্নতি, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে। মিয়ানমারের বর্তমান সরকার অর্থনৈতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন সংস্কার শুরু করার পর বিশ্বব্যাংক এ অর্থায়নের উদ্যোগ নিল। গত মাসে মার্কিন সরকার মিয়ানমারে অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে সংস্কার শুরু হয়েছে। এ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে সরকারকে উত্সাহ জোগাবে এই অর্থায়ন।পূর্ব এশিয়া ও প্রশান্ত অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট পামেলা কক্স সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বব্যাংকের দেনা শোধ করলে মিয়ানমারে সাড়ে ১৬ কোটি ডলারের আরেকটি অর্থায়ন করা হবে। কীভাবে এ অর্থায়ন করা যায়, এ নিয়ে আগামী মাসগুলোতে আলোচনা চলবে। বিশ্বব্যাংক মিয়ানমারের সব জনগণ, বিশেষ করে দরিদ্র ও অরক্ষিত মানুষের জন্য সুযোগ সৃষ্টি করতে চায় বলে তিনি মন্তব্য করেন। মিয়ানমারে ২০১০ সালের নভেম্বর থেকে সংস্কার শুরু হয়েছে। সামরিক জান্তার বদলে প্রেসিডেন্ট থেইন সেইনের নেতৃত্বে সেনা-সমর্থিত বেসামরিক সরকার বর্তমানে ক্ষমতায় আছে। তাঁর সরকার বহু রাজবন্দিকে মুক্তি দিয়েছে এবং কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। থেইন সেইন দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চিকে মুক্তি দিয়েছেন। নির্বাচনের পর দেশটির পার্লামেন্টে সু চির দলের উপস্থিতি দেখা যাচ্ছে।