২৫ বছরের স্পিরিট একসঙ্গে ক্রয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদিত টিকার মান পরীক্ষার জন্য স্বাস্থ্যবান গরুর স্থলে কঙ্কালসার বাছুর কিনে কাজ চালাচ্ছে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই)। শুধু তা-ই নয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাসায়নিক দ্রব্য কেনার ক্ষেত্রেও রয়েছে অনিয়মের অভিযোগ।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এলআরআইয়ের মান নিয়ন্ত্রণ শাখা এসব কেনাকাটা করে। প্রতিষ্ঠানটি গত বছরের ডিসেম্বরে ৩২৫ লিটার রেকটিফায়েড স্পিরিট কিনেছে। এত পরিমাণ স্পিরিটের ব্যবহার শেষ করতে তাদের কমপক্ষে ২৫ বছর লাগবে বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।এই প্রতিবেদকের কাছে বিপুল পরিমাণ এই স্পিরিট কেনার কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন) মো. মহসীন আলী। তিনি স্বীকার করেন, একসঙ্গে এত বছরের স্পিরিট মজুদ অযৌক্তিক। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।মহসীন আলী বলেন, সবকিছুরই একটা মেয়াদ থাকে। তিন দিনের ভাত কেউ এক দিনে খেতে পারে না। তাই ইচ্ছে করলেই চার-পাঁচ বছরের পণ্য একসঙ্গে কেনা যায় না।রেকটিফায়েড স্পিরিটের ব্যবহার সম্পর্কে প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা রাবেয়া আক্তার প্রথম আলোকে জানান, এটি মূলত গবেষণার কাজ শুরুর আগে টুকরো যন্ত্রাংশ ও কর্মকর্তাদের হাত শোধনের জন্য ব্যবহার করা হয়।সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, মান নিয়ন্ত্রণ শাখায় বছরে যে পরিমাণ স্পিরিটের ব্যবহার হয়, তাতে ৩২৫ লিটার স্পিরিট শেষ হতে কমপক্ষে ২৫ বছর লাগবে।একই সূত্র জানায়, এ শাখায় তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজ করেন। গত বছরের ১৮ ডিসেম্বর রেকটিফায়েড স্পিরিট কেনার পর গত ছয় মাসে ব্যবহূত হয়েছে ছয় লিটার। ব্যবহারের এই ধারাবাহিকতা বজায় থাকলে ৩২৫ লিটারের এই মজুদ শেষ হতে ২৭ বছর লাগবে। এই দীর্ঘ সময় পর্যন্ত মজুদ করা এই স্পিরিটের কার্যকারিতা থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই স্পিরিটের মোড়কে মেয়াদের কোনো তারিখও লেখা নেই।অবশ্য মান নিয়ন্ত্রণ শাখার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল কালাম দাবি করেন, আগামী তিন-চার বছরের মধ্যেই স্পিরিটের এই মজুদ শেষ হয়ে যাবে।গত ছয় মাসে কত লিটার ব্যবহূত হয়েছে, এমন প্রশ্নের জবাবে আবুল কালাম বলেন, ‘রেকর্ড না দেখে বলা যাবে না।’এলআরআই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি পশুপাখির রোগ গবেষণা করে টিকা উৎপাদন করে। আর এর মান নিয়ন্ত্রণ শাখা উৎপাদিত টিকার মান গবেষণা করে।সম্প্রতি এ প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ শাখা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আরও কিছু রাসায়নিক দ্রব্য ও গরু কেনে। এসব কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ফেব্রুয়ারিতে পাঁচ লাখ টাকার বিভিন্ন রাসায়নিক দ্রব্য কেনা হয়। এর মধ্যে টিকার মান পরীক্ষার কাজে ব্যবহার্য ‘পলিক্রোম মেথিলেন ব্লু’ নামে একটি রাসায়নিক দ্রব্য রয়েছে, যার কার্যক্ষমতা নেই বলে অভিযোগ রয়েছে।প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, মান যাচাই না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ছয়টি রাসায়নিক দ্রব্য গ্রহণ করা হয়েছে।এ-সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, সরবরাহ করা রাসায়নিকের মান যাচাইয়ের জন্য মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কালাম মান নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা ডা. শামসুন নাহারকে চিঠি দেন। কিন্তু শামসুন নাহারের প্রতিবেদনের অপেক্ষা না করেই আবুল কালাম দুই দিন পর আরেকটি চিঠি দেন মালামাল গ্রহণ কমিটির আহ্বায়ক ডা. হেলেনা খাতুনকে। তাতে বলা হয়, সরবরাহ করা রাসায়নিকের মান ভালো এবং গবেষণাগারে ব্যবহারের উপযোগী।এ ছাড়া গত ফেব্রুয়ারিতে পৃথক দরপত্রের মাধ্যমে প্রথমে প্রায় তিন লাখ টাকায় ১০টি গরু কেনা হয়। পরে আরও দুই দফায় সাড়ে চার লাখ টাকায় ১৫টি গরু কেনা হয়।দরপত্রের শর্ত ছিল, প্রতিটি গরু নিরোগ, স্বাস্থ্যবান এবং কমপক্ষে ১১০ থেকে ১২৫ কেজি ওজনের হবে। দুটি স্থায়ী দাঁতসহ গরুর বয়স হবে আড়াই থেকে তিন বছর। দরপত্রে গড়ে একেকটি গরুর দাম ধরা হয় ২৯ হাজার ৯০০ টাকা।একজন কর্মকর্তা জানান, গত মার্চ মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে যেসব গরু সরবরাহ করা হয়, সেগুলোর ওজন দরপত্রে উল্লেখিত সর্বনিম্ন ওজনের চেয়ে অনেক কম।এই প্রতিবেদক মান নিয়ন্ত্রণ শাখার পশু ছাউনিতে গিয়ে দেখেন, সেখানে কঙ্কালসার কিছু বাছুর রাখা আছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উৎপাদিত টিকার মান পরীক্ষা শেষে গরুগুলো ঢাকার চিড়িয়াখানার মাংসভোজী প্রাণীদের ‘খাদ্য’ হিসেবে দেওয়া হয়। ফলে এসব পশুর ওজন, রোগ ও স্বাস্থ্য নিয়ে পরে কেউ প্রশ্ন তুললেও প্রমাণ করা কঠিন হবে।অবশ্য মো. আবুল কালাম দাবি করেন, ‘আমার জানামতে, গরুর ওজন ঠিকই আছে। রিসিভ কমিটি সবকিছু দেখেই গ্রহণ করে।’ পলিক্রোম মেথিলেন ব্লুর বিষয়ে তাঁর দাবি, এ নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।