২৫ ব্যবসায়ী পথে, ৩০০ পরিবার নিঃস্ব
বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের কাজীরহাট বাজার এবং আশপাশের এলাকার দরিদ্র কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। দেড় বছরে সুদের টাকা দিতে গিয়ে প্রায় ২৫ ব্যক্তি ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছেন। নিঃস্ব হওয়ার পথে আরও কমপক্ষে ৩০০ পরিবার।ভুক্তভোগীরা জানান, কাজীরহাট বাজার ও আশপাশের এলাকার ৩০-৩৫ ব্যক্তি দীর্ঘদিন ধরে চড়া সুদের ব্যবসা করছেন। এর মধ্যে অনেকে ২৫-৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন।এলাকাবাসীর কয়েকজন জানায়, দরিদ্র ও স্বল্প পুঁজির ব্যবসায়ীদের অভাবের সুযোগ নিয়ে ওই দাদন ব্যবসায়ীরা নির্বিঘ্নে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।মানি লন্ডারস আইন, ১৯৪০ অনুযায়ী, ‘কোনো ব্যক্তি সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লাইসেন্স নিয়ে মাসিক শতকরা আড়াই টাকা সুদে অর্থলগ্নি করতে পারবেন। লাইসেন্স ব্যতীত এই ব্যবসা পরিচালনা আইনত দণ্ডনীয়।’সরেজমিনে কাজীরহাট বাজারে গিয়ে জানা যায়, দেড় বছরে এই বাজারের কমপক্ষে ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী চড়া সুদে টাকা নিয়ে ধার-দেনায় জর্জরিত হয়ে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছেন। স্থানীয় পল্লিচিকিৎসক লক্ষ্মণ সিকদার জানান, তিনি ছয়-সাত বছর আগে এই বাজারে একটি ওষুধের দোকান দেন। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে বাকি পড়ায় পুঁজি হারান। নিরুপায় হয়ে এলাকার কয়েক ব্যক্তির কাছ থেকে প্রায় এক লাখ টাকা সুদে নেন। কিন্তু সংসারের ব্যয় ও মাসিক সুদ দিতে গিয়ে তিনি আরও দেনায় জড়িয়ে যান। আস্তে আস্তে তিনি ১০ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। গত পাঁচ বছরে তিনি ১০ লাখ ৬৮ হাজার টাকা আসলের বিপরীতে সুদ দেন ১০ লাখ ৩০ হাজার টাকা। শতকরা তিন থেকে সর্বোচ্চ ১৭ টাকা পর্যন্ত হারে মাসিক সুদ গুনতে হয় তাঁকে। স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে এই অর্থ লগ্নি করেন দাদন ব্যবসায়ীরা। লক্ষ্মণের হিসাব অনুযায়ী, তিনি স্থানীয় কাজী মতিয়ার রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০৮ সালে এক লাখ টাকা সুদে নেন। এর বিপরীতে এক লাখ ৩২ হাজার টাকা সুদ দেন। একইভাবে মতিয়ারের মেয়ের কাছ থেকে ২০০৭ সাল থেকে বিভিন্ন সময়ে এক লাখ ৬৫ হাজার টাকা নিয়ে সুদ দেন দুই লাখ ৩৮ হাজার টাকা। এ ব্যাপারে কাজী মতিয়ারের মেয়ে সুলতানা বকুল বলেন, ‘ব্যবসার জন্য লক্ষ্মণ আমার এবং আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন তিনি (লক্ষ্মণ) টাকা না দেওয়ার জন্য এমন অভিযোগ করছেন। সুদের ব্যবসার জন্য আপনার কোনো লাইসেন্স আছে কি না, এর জবাবে তিনি বলেন, ‘না, তা নেই, ব্যাংকও তো এমন ব্যবসা করে।’একইভাবে সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী রুমা বেগমের যৌথ বিনিয়োগের ৪৫ হাজার টাকার বিপরীতে ৪১ হাজার ৪০০ টাকা এবং রুমার এককভাবে ৩০ হাজার টাকা বিনিয়োগের বিপরীতে ২০ হাজার ৭০০ টাকা সুদ দেন। তবে সিদ্দিকুর রহমান দাবি করেন, তিনি ১১ হাজার টাকা সুদ নিয়েছেন। এখন আসল টাকা দাবি করেও তিনি তা পাচ্ছেন না। রুমা দাবি করেন, তিনি এককভাবে যে ৩০ হাজার টাকার বিনিয়োগ করেছেন, তার বিপরীতে কোনো সুদ পাননি। স্থানীয় বাসিন্দা আ. বারেক জানান, তাঁর ছেলে মিজানুর রহমান চায়ের দোকান করতেন। চড়া সুদে টাকা নিয়ে মিজানুর ৬০-৬৫ হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে দোকান গুটিয়ে সম্প্রতি ঢাকায় চলে গেছেন। তাঁর (বারেক) ভাই হাবিবুর রহমান এক বছর আগে একইভাবে ব্যবসা করতে গিয়ে তিন লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে এলাকা ছেড়েছেন। পরে তাঁর বাবা জমি, বাড়ির গাছ ও গরু বিক্রি করে সুদের দেনা পরিশোধ করেন।ওষুধ ব্যবসায়ী সত্যরঞ্জন সিকদার বলেন, ‘লোকসান আর বাকি পড়ে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে তিনি পাঁচ বছরে পর্যায়ক্রমে এলাকার ২০ জন দাদন ব্যবসায়ীর কাছ থেকে তিন থেকে সাত টাকা মাসিক হারে প্রায় পাঁচ লাখ টাকা সুদে নেন। এই টাকার বিপরীতে তিনি এ পর্যন্ত সাত লাখ টাকা সুদ গুনেছেন। সুদের টাকা দিতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন।’পল্লিচিকিৎসক রণজিৎ শীল বলেন, ‘আমার পাঁচ মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমি অনেক টাকা সুদে এনে ঋণগ্রস্ত হয়ে গেছি। পাবলিক হেলথে ছোট্ট একটা চাকরি করে অবসর-ভাতা যা পেয়েছিলাম, তা দিয়ে কিছু পরিশোধ করেছি। এখনো অনেক টাকা পরিশোধ করতে পারিনি। সব মিলিয়ে খুব সমস্যার মধ্যে দিন কাটাচ্ছি।’ব্যবসায়ী বিমল চন্দ্র জানান, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে তা দিতে দিতে এখন তিনি নিঃস্ব। তাঁর মতো আরও ২৫০-৩০০ পরিবার সুদের টাকা দিতে দিতে এখন প্রায় নিঃস্ব। দক্ষিণ করুণা গ্রামের দিনমজুর শাহজাহান খাঁ, ওহাব আলী, করাতকলের শ্রমিক শহিদুল ইসলাম, আবদুস সোবহান, আশরাফ আলী, হুমায়ুন সিকদার, নাসির হাওলাদার, মিজানুর রহমান সুদ গুনতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন।একইভাবে সুবল চন্দ্র, আশরাফ আলী মৃধা, সোহরাফ ফরাজী, দুলাল মিয়া, রণজিৎ সমাদ্দার, আশরাফ আলী প্রমুখ ক্ষুদ্র ব্যবসায়ী সুদের টাকা দিতে গিয়ে নিঃস্ব হয়ে ব্যবসা গুটিয়ে ফেলেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, দক্ষিণ করুণা, কাজীরহাট, ছোপখালী, মেহেরগাজী, কলাগাছিয়া, গেরামর্দন, বঙ্গবন্ধু রোড—এসব এলাকার প্রায় পরিবারই সুদে টাকা নিচ্ছে। কমপক্ষে ৩০০ পরিবার আছে, যারা চড়া সুদ গুনতে গুনতে এখন নিঃস্ব। দাদন ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম রব বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে এই সুদের ব্যবসা চলছে। তবে যাঁরা এই অর্থ নেন, তাঁদেরও বিবেচনা করা দরকার, এটা পরিশোধের সামর্থ্য তাঁর আছে কি না। বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে এটা কেউ করে থাকলে তা অন্যায়। আমি খোঁজ নেব।’বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুদ ব্যবসা কেবল কাজীরহাটে নয়, বরগুনার সর্বত্রই ছড়িয়ে পড়ছে। এতে স্থানীয় অর্থনীতিতে অস্থিতিশীলতার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জেলায় এবার ২০ জন লাইসেন্সের জন্য আবেদন করেছিল। কিন্তু আমি একটিরও অনুমতি দিইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব।’