যুদ্ধাপরাধীদের তালিকা হালনাগাদ হবে: এ কে খন্দকার
২৫ মার্চ রাতে আলো নিভিয়ে এক মিনিটের নীরবতা
সেক্টর কমান্ডারস ফোরামের ঘোষিত ৫০ যুদ্ধাপরাধীর তালিকা হালনাগাদ করা হবে। ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা জানিয়েছেন।গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, দু-একটি দেশের বিরোধিতার জন্য যুদ্ধাপরাধের বিচার থেমে থাকবে না। ১৯৭১ সালেও কয়েকটি দেশ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাদের বিরোধিতার কারণে মুক্তিযুদ্ধের বিজয় যেমন থেমে থাকেনি, তেমনিভাবে দু-একটি দেশের বিরোধিতা যুদ্ধাপরাধীদের বিচারে কোনো প্রভাব ফেলবে না।ফোরামের মহাসচিব হারুন-অর-রশিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় অন্যান্যের মধ্যে ফোরামের নেতা কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, লেখক-সাংবাদিক হারুন হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২৫ মার্চ কালরাত উদ্যাপনে ফোরামের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ মার্চ রাত ১০টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় অনুষ্ঠানমালা। এর পাশাপাশি দেশব্যাপী ফোরামের বিভাগ ও জেলা সমন্বয় কমিটি কর্মসূচি পালন করবে। ২৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা পর্যন্ত দেশের সব বাসা, অফিস-আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানসহ সব জায়গায় আলো নিভিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। রাত ১২টা এক মিনিটে মোমবাতি প্রজ্বালন করে নতুন প্রজন্মের হাতে হস্তান্তরের মাধ্যমে অন্ধকার থেকে আলোতে ফেরার কর্মসূচি পালন করা হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মূল অনুষ্ঠান শুরু হবে রাত ১০টায়। অনুষ্ঠানের শুরুতে থাকবে নাটক। এরপর সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক গান পরিবেশন করা হবে। ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা পর্যন্ত সব আলো নিভিয়ে নিষ্প্রদীপ মহড়া অনুষ্ঠিত হবে। এরপর রাত ১২টা ১০ মিনিটে জাগরণের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।