২৫ লাখ টাকা জরিমানা আদায়, ভরাট করা বালু সরাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে বাঁশ পুঁতে ও বালু ফেলে নদী দখলের মাধ্যমে পরিবেশগত ক্ষতি করায় দখলকারী প্রতিষ্ঠান মেরিটিমাসের কাছ থেকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিকে ১২ জুনের মধ্যে নদীগর্ভ থেকে তাদের পোঁতা বাঁশ, ড্রেজারসহ সব সরঞ্জাম সরাতে এবং নদীর ভরাটকৃত অংশের মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার মেরিটিমাসের তিন কর্মকর্তাকে ডেকে এনে শুনানি শেষে এ ব্যবস্থা নেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম। সন্ধ্যায় পে-অর্ডারের মাধ্যমে জরিমানার ২৪ লাখ ৯৯ হাজার ১২০ টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। বাকি নির্দেশ না মানলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হবে।‘বাঁশ-বালুতে মেঘনা ভরাট’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোতে মুন্সিগঞ্জে নদী দখলের খবর প্রকাশিত হয়। গত বুধবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি দল মুন্সিগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর দখলি এলাকায় অভিযান চালায়। তাঁরা তিন লাখ বাঁশ, দুটি ড্রেজারসহ নদী ভরাটকাজে ব্যবহূত বিভিন্ন উপকরণ জব্দ করে স্থানীয় পুলিশের জিম্মায় দেন।বুধবারের ওই অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব কর্মী পালিয়ে যান। কর্মকর্তাদেরও কাউকে পাওয়া যায়নি। এরপর গতকাল মেরিটিমাসের ঢাকার বাংলামোটরের রাহাত টাওয়ারের কার্যালয়ে গিয়ে তাদের কর্মকর্তাদের পরিবেশ অধিদপ্তরে গিয়ে শুনানিতে অংশ নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় তাঁরা এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আসেন। পরে আরও দুই কর্মকর্তা আগারগাঁওয়ে অধিদপ্তরে হাজির হয়ে শুনানিতে অংশ নেন।মহাপরিচালকের নেতৃত্বে অতিরিক্ত পরিচালক আবদুস সোবহান, পরিচালক (কারিগরি) মো. শাহজাহান ও ঢাকা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাস মেরিটিমাসের তিন কর্মকর্তার শুনানি গ্রহণ করেন। মেরিটিমাসের কর্মকর্তারা হলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমাদ রসুল, পরিচালক আহমেদ হোসেন ও ভূমি বিভাগের প্রধান গাজী আবু সাইয়িদ।শুনানির সময় মেরিটিমাসের কর্মকর্তারা প্রকল্পের পরিবেশ ছাড়পত্র, নদীভরাটের অনুমোদনপত্রসহ এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছুই দেখাতে পারেননি।মেরিটিমাসের উপব্যবস্থাপনা পরিচালক আহমাদ রসুল বলেন, যে অংশটি তাঁরা ভরাট করছিলেন, সেটি আসলে নদী নয়; নদীর পাড়ের নিচু জমি। বর্ষায় সেখানে পানি উঠেছে মাত্র। সেটি তাঁদের কেনা জমি।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে তিরস্কার করে বলেন, ‘আপনি যেখানে ভরাট করছেন, আমাদের সেখানে নৌকা নিয়ে যেতে হয়েছে। বড় বড় নৌযান চলছে এর পাশ দিয়ে। ভরাট করা অংশে পানি বাধা পেয়ে জোরে জোরে আঘাত করছে। এসব প্রমাণ করে, নদীর একদম মূল অংশে ভরাট করা হচ্ছিল। আপনারা নদীকেও “নদী হিসেবে” মানছেন না!’অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে কোনো জমিতে যদি জলাধার (নদী, খাল, বিল, বন্যাপ্রবাহ এলাকা) থাকে, সেটি কারও ব্যক্তিমালিকানাধীন হলেও ভরাট করা যাবে না। জাতীয় অপরিহার্য কাজে ভরাট করতে হলে সরকারকেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। আর আপনি সরকারি জমি ভরাট করা শুরু করে দিয়েছেন কোনো অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই?’তদন্ত প্রতিবেদন: গতকাল বৃহস্পতিবার গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) নদী দখল বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলমের কাছে পাঠিয়েছেন। প্রতিবেদনে মেরিটিমাস গজারিয়ার চর রমজানবেগ মৌজার প্রায় চার একর খাসজমি দখল করেছে বলে উল্লেখ করা হয়েছে। তারা অবৈধভাবে মাটি ভরাটের কাজ করছে। তারা গজারিয়া ইউনিয়ন ভূমি অফিসের নোটিশের কোনো জবাব দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।বাপা ও নেচার কনজারভেশন কমিটির মানববন্ধন: আজ শুক্রবার সকাল ১০টায় মেঘনা নদী দখলের প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও নেচার কনজারভেশন মানববন্ধন কর্মসূচি পালন করবে। বাপার যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা বলেন, ‘আমাদের এ কর্মসূচিতে সেক্টর কমান্ডারস ফোরামের স্থানীয় নেতারাও উপস্থিত থাকবেন।’