২৫ শতাংশ শেয়ার অতি মূল্যায়িত, সাবধানে লেনদেনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারভেদে লেনদেন বেশি হওয়ায় এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় ২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারই অতিমূল্যায়িত হয়ে গেছে। ডিএসই কর্তৃপক্ষ আজ এ কথা জানায়। আজ প্রথমবারের মতো ডিএসইর সাধারণ সূচক ৫০০০ পয়েন্ট পার হয়েছে। এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসইর সভাপতি শেয়ার অতি মূল্যায়িত হওয়া ও তার পরিণাম সম্পর্কে আশঙ্কার কথা জানান। যেহেতু শিগগিরই পর্যাপ্তসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার বাজার আসছে না। তাই তিনি বিনিয়োগকারীদের সাবধানে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, সরকারের হাতে থাকা এবং এরই মধ্যে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়া পাওয়ারগ্রিড, ডেসকো, তিতাস গ্যাস প্রভৃতি প্রতিষ্ঠানের আরও কিছু শেয়ার যদি বাজারে ছাড়া যায়, তাহলে হয়তো শেয়ার অতি মূল্যায়িত কম হবে।ডিএসই সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলামের মতে, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের এ মুহূর্তে এ রকম উদ্যেগ নেওয়া উচিত।আর ডিএসইর আরেক সহসভাপতি শাকিল রিজভী জানান, সরকার এরই মধ্যে বাজারে রাষ্ট্রায়ত্ত যে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার কথা বলেছে, তা দ্রুত বাজারে আনতে দলবদ্ধভাবে কাজ করতে হবে।এদিকে এই প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ৫০০০ পয়েন্ট পার হলো। সপ্তাহের শেষ দিন দেখা গেছে, এককভাবে গ্রামীণফোনের শেয়ারের দাম বৃদ্ধির কারণেই বাজারে সূচক ৯৬ পয়েন্ট থেকে বেড়ে ৫০৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া লেনদেন হয়েছে এক হাজার ২৪১ কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, দাম কমেছে ৯৬টি প্রতিষ্ঠানের। লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। গতকালের তুলনায় গ্রামীণফোনের শেয়ারের দাম ২৮ টাকার মতো বেড়েছে। এ ছাড়া গ্রামীণফোনের মোট লেনদেন হয়েছে ১২০ কোটি টাকা, যা আজকের দিনে সর্বোচ্চ। এর পরই ছিল বেক্সিমকো লিমিটেড, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা ও মেঘনা পেট্রোলিয়াম।