২৫ হাজার এনজিওর কাজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেওয়া ২৫ হাজার স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর কোনো কাজ নেই। শিক্ষা, স্বাস্থ্যসহ নানা খাতে কাজ করার কথা বলে নিবন্ধন নিলেও এসব সংস্থা বছরের পর বছর ধরে নিষ্ক্রিয়। নিয়ম থাকলেও এসব সংস্থার আর্থিক কার্যক্রমের কোনো নিরীক্ষাও হয় না। মাঠপর্যায়ের প্রতিবেদন বলছে, নিষ্ক্রিয় এসব সংস্থার বেশির ভাগেরই কোনো খোঁজ নেই।সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তর থেকে গত চার দশকে ৫৮ হাজার স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও নিবন্ধন নিয়েছে। কিন্তু এর মধ্যে ২৫ হাজার সংস্থার এখন কোনো কাজ নেই। এগুলোর নিবন্ধন বাতিলের প্রস্তাব মন্ত্রণালয়ে গেছে। প্রাথমিকভাবে অন্তত ১০ হাজার এনজিওর নিবন্ধন বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিষ্ক্রিয় এনজিওগুলোর নিবন্ধন বাতিলের প্রক্রিয়া চলছে। ২০ থেকে ২৫ হাজার এনজিওর নিবন্ধন বাতিলের প্রস্তাব এসেছে। অন্তত ১০ হাজার এনজিওর নিবন্ধন বাতিলের জন্য প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সরেজমিন পরিদর্শন করে ধাপে ধাপে এই প্রক্রিয়া শেষ করতে হয়।সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিটি জেলার এনজিওগুলোর কার্যক্রম দেখা হচ্ছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। দেড় হাজার এনজিওর নিবন্ধন পুরোপুরি বাতিল করা হয়েছে। নিষ্ক্রিয় এনজিওগুলো বাতিলের কাজ চলছে। তবে এই সংখ্যা এখনই বলা যাবে না। অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধি, ১৯৬২ অনুযায়ী এনজিওগুলোর নিবন্ধন দেয়। দেশের ৬৪টি জেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে এমন ৫৮ হাজার এনজিও আছে। কিন্তু জনবলের অভাবে সব এনজিওর কার্যক্রম দেখার সুযোগ হয় না। তবে সরকার এনজিওগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে দেশের সব জেলার সমাজসেবা কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে এনজিওগুলোর বিস্তারিত তথ্য চেয়ে পাঠায়। এরপর সারা দেশ থেকে এ ব্যাপারে তথ্য আসে। এখন সেই তথ্য যাচাই-বাছাই চলছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৬৪টি জেলা থেকে যাদের বিরুদ্ধে অসংগতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর বিষয়ে তদন্ত চলছে। তবে অনেকেই শুনানিতে উপস্থিত হচ্ছে না। অনেক এনজিওর কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না। অনেক এনজিও কী কাজ করে, কবে নিবন্ধন নিয়েছিল, সে ব্যাপারেও কোনো তথ্য নেই।সমাজকল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তরের সব সংস্থাকে এনজিও হিসেবে তালিকাভুক্ত করলেও এনজিওগুলোর সংগঠন সেটি মানতে নারাজ। ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার সমাজসেবার সব সংস্থাকে এনজিও বলে চালিয়ে দেয়। কাগজে-কলমে এরা এনজিও হলেও বাস্তবে নয়। অসংখ্য সমিতি বা ক্লাব আছে, যারা এনজিও হিসেবে আছে কিন্তু এনজিও হিসেবে যেসব কাজ করার কথা, সেগুলো করে না। কাজেই কারা এনজিও কারা এনজিও নয়, সেটি চিহ্নিত করা জরুরি।সমাজসেবার এতগুলো সংস্থার কার্যক্রম না থাকার বিষয়ে তাজুল ইসলাম বলেন, ২৫ হাজার নিষ্ক্রিয় সংগঠনের মতো সত্যিকারভাবে হয়তো অনেক এনজিও আছে। স্থানীয়ভাবে উদ্যোক্তাদের মাধ্যমে হয়তো তারা এলাকার উন্নয়নের জন্য কাজ শুরু করেছিল। কিন্তু পরে টাকার অভাবে বা উদ্যোক্তার অভাবে সেগুলো হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছে।সবচেয়ে বেশি এনজিও ঢাকায়: সমাজসেবা অধিদপ্তরে থাকা এনজিওগুলোর তথ্য যাচাই করে দেখা গেছে, দেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি এনজিও ঢাকা জেলায়। এই সংখ্যা সাত হাজার ৬৮১। বেকারত্ব দূরীকরণ, প্রাথমিক শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, বয়স্ক শিক্ষা, বস্তিবাসী ছেলেমেয়ের উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক কাজের কথা বলে এসব সংস্থা নিবন্ধন নিয়েছিল। কিন্তু এগুলোর বেশির ভাগেরই এখন খোঁজ নেই। কার্যক্রম নেই অন্তত চার হাজার এনজিওর।ঢাকা জেলার তথ্য ঘেঁটে দেখা গেছে, ১৯৭৮ সালে নিবন্ধন নেওয়া অ্যাসিসটেন্স ফর ব্লাইন্ড চিলড্রেন, ৭৯ সালের নারী ও সমাজ উন্নয়ন, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামায়াত, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ সেন্টার ফাউন্ডেশন, সমাজ উন্নয়ন, দেশ উন্নয়ন সমাজ, আজকালসহ অন্তত ৫০০ এনজিওর কার্যক্রমের কোনো তথ্য এখন নেই। আবার অনেক এনজিওর শুধু নিবন্ধন নম্বরই আছে।ঢাকা জেলার দায়িত্বে থাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের যে জনবল, তা দিয়ে এনজিওগুলোর কার্যক্রম দেখার চেষ্টা করি। সম্প্রতি আমরা সক্রিয় ও নিষ্ক্রিয় এনজিওর তালিকা করেছি। নিষ্ক্রিয় অনেক এনজিও আছে। আমরা সেগুলোর নিবন্ধন বাতিলের জন্য প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু সমস্যা হলো, অনেক এনজিওর হাত অনেক লম্বা। তাদের বিরুদ্ধে চাইলেই কিছু করা যায় না। আবার অনেক এনজিও অনেক ভালো ভালো কথা বলে। প্রকল্প আর টাকার পেছনে দৌড়ায়। কিন্তু যেভাবে তাদের কাজ করার কথা, সেভাবে করে না।’নিষ্ক্রিয় বেশির ভাগ এনজিও: সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের প্রতিবেদনে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলায় বয়স্ক শিক্ষার কার্যক্রমের কথা বলে ’৮৫ সালে মোহামেডান কমিটি ফর ডেভেলপমেন্ট এবং ’৯০ সালে সমাজ উন্নয়ন সংস্থা নিবন্ধন নিয়েছিল। কিন্তু দুটো এনজিওর কোনোটারই কার্যক্রম নেই। একইভাবে জেলায় ৬২১টি এনজিওর বেশির ভাগই এখন নিষ্ক্রিয়। মুন্সিগঞ্জ জেলার ৩৪৩টি এনজিওর প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানকার অন্তত ২০০ এনজিও নিষ্ক্রিয় হয়ে আছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে এমন এনজিও আছে সমাজসেবার তালিকায়।রাজবাড়ী জেলার ৫৭৪টি সংস্থার মধ্যে ১৯৩টি নিষ্ক্রিয়। শেরপুর জেলার ৭৬৫টি সংস্থার মধ্যে অর্ধেকেরও বেশি নিষ্ক্রিয়। তবে সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্ধারণ করার জন্য এখনো শুনানি চলছে। টাঙ্গাইল জেলার দুই হাজার ৭৬টি বেসরকারি সংস্থার মধ্যে এক হাজারেরও বেশি নিষ্ক্রিয়। ’৮৭ সালে ফেনীর জোয়াড় কাছাড় সমাজকল্যাণ সংস্থার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি জেলার সমাজসেবা কর্মকর্তারা। ’৭৭ সালে প্রতিষ্ঠিত নতুন সমাজ এবং ’৮৫ সালে প্রতিষ্ঠিত মানবকল্যাণ সংস্থার কোনো কার্যক্রম নেই। বারবার চিঠি দেওয়া হলেও তারা শুনানিতেও আসছে না। দেশের অন্য সব জেলারও একই অবস্থা। নিরীক্ষা ও পরিদর্শন হয় না: ফরিদপুরের ডেভেলপমেন্ট এজেন্সি নামের এনজিওটির সর্বশেষ নিরীক্ষা হয়েছিল ২০০৭ সালের ৩০ জুন। এরপর চার বছরে আর প্রতিষ্ঠানটির নিরীক্ষা হয়নি। একই অবস্থা জেলার বেশির ভাগ এনজিওর। মাদারীপুর জেলা থেকে মোট ৮৪৩টি এনজিওর ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৪০০ সংস্থার কখনোই নিরীক্ষা করা হয়নি। ফেনীর একতা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পর চার বছর পেরিয়ে গেলেও কোনো নিরীক্ষা হয়নি। কখনো এই প্রতিষ্ঠানটি পরিদর্শনও করেনি সমাজসেবার কোনো কর্মকর্তা। ফরিদপুরের উত্তর চর উন্নয়ন সংস্থাটি সর্বশেষ পরিদর্শন হয় ১১ বছর আগে। এরপর কখনো এটির কার্যক্রম পরিদর্শন হয়নি। দেশের বেশির ভাগ জেলারই একই অবস্থা। দেশের ৬৪ জেলার অন্তত ৩০ হাজার সংস্থা আছে, যেগুলো গত পাঁচ বছরে এক বারও পরিদর্শন বা নিরীক্ষা হয়নি।কয়েকটি জেলার দায়সারা প্রতিবেদন: অধিদপ্তর থেকে দেশের ৬৪টি জেলার এনজিওগুলোর ব্যাপারে যে তথ্য চাওয়া হয়েছিল, তাতে বলা হয়, প্রতিষ্ঠার পর মোট কত বার প্রতিষ্ঠানটির নিরীক্ষা হয়েছে? সর্বশেষ কবে নিরীক্ষা হয়েছে। কিন্তু মাদারীপুর, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, সিলেট, সুনামগঞ্জসহ অনেক জেলার সমাজসেবা কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো তথ্যই পাওয়া যায়নি। অনেকে আবার দায়সারা তথ্য দিয়েছেন। মাদারীপুর জেলা থেকে মোট ৮৪৩টি সংস্থার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। সেখানে জেলার যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তার বেশির ভাগ জায়গাতেই কত বার বা কবে নিরীক্ষা হয়েছে কিংবা কবে পরিদর্শন হয়েছে, সে ব্যাপারে তথ্য নেই। একই কাজ করা হয়েছে মুন্সিগঞ্জে। নরসিংদীর ৬৯২টি সংস্থার সবগুলোর পাশেই লেখা হয়েছে সেগুলো নিয়মিত প্রতিবেদন দেয়।