২৫ হাজার দরিদ্র মানুষের জন্য কম্বল ৩১৬টি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রায় ২৫ হাজার হতদরিদ্র মানুষের জন্য কম্বল বরাদ্দ পাওয়া গেছে ৩১৬টি। এ ছাড়া ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শীতবস্ত্র দিয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে দুই দফায় বরাদ্দ পাওয়া ৩১৬টি কম্বল হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া শীতবস্ত্র কেনার জন্য আরও ৬০ হাজার নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে।পৌরসভা সদরের পরিত্যক্ত সরকারি ভবনে বসবাসরত বিধবা রোকেয়া বেগম বলেন, ‘এত বড় শীতি ভাতের কষ্ট আর শীতির কষ্টে আমাগো বাইচে থাহাই মুশকিল। সরকার শীতির কম্বল দিলিও তা আমাগো পর্যন্ত আসে না।’ একই ধরনের কথা বলেন চন্দনী গ্রামের মুক্তিযোদ্ধা মো. মুন্নু মিয়া, গোহাইলবাড়ি লংকারচরের প্রতিবন্ধী প্রিয়নাথ বিশ্বাসসহ কয়েকজন।ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার মজিবর রহমান বলেন, ‘আমার ইউনিয়নে বিতরণের জন্য কোনো কম্বল বা শীতবস্ত্র দেওয়া হয়নি। তীব্র শীতে প্রতিদিন কম্বলের জন্য অসহায় মানুষ এসে ইউনিয়ন পরিষদে ভিড় করছে এবং হতাশ হয়ে ফিরে যাচ্ছে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘অনেক সাধারণ মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানো উচিত।’ইউএনও মো. মাহাবুবুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ৩১৬টি কম্বল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। কিছু নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই টাকা দিয়ে চাদর, সোয়েটারসহ শীতবস্ত্র কিনে শিশু, নারী ও বয়স্ক মানুষের মধ্যে বিতরণ করা হবে।’