২৫ হাজার বাংলাদেশি ফিরতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে আশা করছে সরকার। এঁদের মধ্যে দুই হাজার ৩৯৪ জন ইতিমধ্যে ফিরেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল শুক্রবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ, বাংলাদেশি শ্রমিকেরা যেসব প্রতিষ্ঠানে কাজ করেন, সেসব প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনের সহায়তায় লিবিয়া-প্রবাসীদের দেশে আনা হচ্ছে।এদিকে লিবিয়ার সহিংস পরিস্থিতির কারণে দেশটি ছেড়ে অন্তত ১১ হাজার বাংলাদেশি এখন তিউনিসিয়া সীমান্তে আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৭৬৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ক্যাম্পে নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মিসর সীমান্তে আশ্রয় নিয়েছেন আরও তিন হাজার বাংলাদেশি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মোট ২৪ হাজার ৯১৩ জন বাংলাদেশি লিবিয়ার বিভিন্ন সীমান্তে ও আশপাশের দেশে রয়েছেন। তাঁদের সবাইকে ফিরিয়ে আনা হবে বলে আশা করা হচ্ছে। এঁদের মধ্যে দুই হাজার ৩৯৪ জন ইতিমধ্যে দেশে ফিরেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লিবিয়ায় কতজন বাংলাদেশি আছেন, আমাদের কাছে এর সংখ্যা নেই। তবে ধারণা করা হয়ে থাকে, ৫০ থেকে ৬০ হাজার বাংলাদেশি লিবিয়ায় কর্মরত আছেন।’সরকার লিবিয়া থেকে সব বাংলাদেশিকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে না কেন—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লিবিয়ার সব স্থানে বিক্ষোভ চলছে না। যাঁরা খুব বেশি ঝুঁকিতে আছেন, তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং অনেককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লিবিয়া পরিস্থিতির আরও অবনতি হলে সে দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকার সব করবে।’ পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লিবিয়া-তিউনিসিয়া সীমান্তে কড়াকড়ি ছিল। তবে সন্ধ্যার পর ওই সীমান্ত খুলে দেওয়া হয়। তখন ১১ হাজার বাংলাদেশি সেখানে প্রবেশ করেন।গতকাল ফিরেছেন ৭০০: ঢাকার শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল আরও ৭০০ বাংলাদেশি ফিরেছেন। এর মধ্যে আইওএমের মাধ্যমে দুপুর পর্যন্ত ফিরেছেন ২১৪ জন। বাকিরা নিজ উদ্যোগে বা কোম্পানির মাধ্যমে ফিরেছেন। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল দুপুর পর্যন্ত মোট দুই হাজার ৪১৩ জন বাংলাদেশি ফিরলেন। আইওএমের বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর গতকাল প্রথম আলোকে জানান, শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে গালফ এয়ারের একটি বিমানে ৪০ জন বাংলাদেশি ঢাকায় নামেন। তাঁরা মিসর সীমান্তে আশ্রয় নিয়েছিলেন। ১৭৪ জন বাংলাদেশিকে নিয়ে সকাল সাতটা ২৫ মিনিটে অবতরণ করে আইওএমের ভাড়া করা একটি বিশেষ বিমান। শুক্রবার রাতেও ১৭৪ জনের ফেরার কথা। এদিকে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, কোম্পানি বা নিজ উদ্যোগে আরও কয়েক শ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে ভোররাত সাড়ে চারটায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ৩৪৪ জন ফিরেছেন। এ ছাড়া গ্রিস ও মধ্যপ্রাচ্য থেকে কয়েকটি ফ্লাইটে ফিরেছেন শতাধিক বাংলাদেশি। আইওএম সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টা ও বিকেল সাড়ে পাঁচটায় ১৭৪ জন করে আরও ৩৪৮ জন বাংলাদেশির ফেরার কথা রয়েছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুল থেকে একটি বিমানে ২৪ জনের ফেরার কথা আছে। জাতিসংঘের সহায়তা কামনা: লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের আর্থিক ও মানবিক সহায়তা দিতে জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বৃহস্পতিবার জাতিসংঘের মানবিকতাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্যালেরি আমোসের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান। তিনি জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনা, শরণার্থী ও আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক কর্মকর্তাদের সঙ্গেও এ নিয়ে কথা বলেন।