২৫টি গাছের লিচুর দাম আড়াই লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২৫টি গাছের লিচুর দাম উঠেছে আড়াই লাখ টাকা। আরও বেশি দাম পাবেন বলে আশা করছেন গাছের মালিক মোক্তার হোসেন। গাছের ডালে ডালে ঝুলছে মোজাফ্ফর জাতের এসব লিচু। দেখতে দৃষ্টিনন্দন হওয়ায় ভিড় করছে এলাকার মানুষ। বাগানমালিক মোক্তার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক। ১০ বছর আগে তিনি বিভিন্ন ফসল চাষাবাদের পাশাপাশি ৩৫ শতক জমিতে লিচুর বাগান করেন। কালীগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিচুর রহমানের পরামর্শে ওই জমিতে মোট ২৮টি লিচুগাছের চারা রোপণ করেন। কিন্তু দুটি চারা নষ্ট হয়ে যায়, বড় হয় ২৬টি চারা। গত তিন বছর ওই বাগানে তিনি লিচু পাচ্ছেন। প্রথম বছর যে সামান্য লিচু আসে, তা বিক্রি করে ২৫ হাজার টাকা পেয়েছিলেন। গত মৌসুমে প্রায় দেড় লাখ টাকার লিচু বিক্রি করেছিলেন। মোক্তার হোসেন জানান, ‘এ বছর ২৫টি গাছে লিচু এসেছে। গাছগুলোতে এত বেশি লিচু এসেছে যে ভারিতে নুয়ে পড়া গাছগুলো বাঁশ দিয়ে ঠেকাতে হয়েছে। আর লাল হয়ে আসা লিচু গাছগুলো দেখতেও খুব লাগছে। যে কারণে এলাকার মানুষ তার বাগানে ভিড় করছে। ব্যাপারিরা সব লিচু একসাথে ক্রয় করার জন্য বাগানে আসছেন। ইতিমধ্যে আড়াই লাখ টাকা দাম উঠেছে। তিনি আশা করছেন আরও বেশি দাম পাবেন। সেই আশায় এখনো লিচু বিক্রি করেননি।’ ব্যাপারিদের একজন মাগুরার শ্রীপুরের বাদশা মিয়া জানান, গাছে যে পরিমাণ লিচু আছে তা বিক্রি করে আড়াই লাখ টাকার বেশি পাবেন বলে আশা করছেন। এ কারণে তিনি এত টাকা দিয়ে ক্রয় করার ইচ্ছা পোষণ করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা আনিচুর রহমান বলেন, ‘মোক্তার হোসেন একজন ভালো চাষি। মাঠে তাঁর চাষযোগ্য জমি কম, কিন্তু পরিকল্পনা করে চাষাবাদ করায় তিনি এগিয়ে যাচ্ছেন। লিচুবাগান করার সময় তিনি কৃষি বিভাগের পরামর্শ নিয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তিনি বিভিন্ন পরামর্শের পাশাপাশি বাগানটি দেখাশোনা করেছেন।’