২৫০ কোটি ডলারের বিদ্যুত্ কেন্দ্র হচ্ছে কক্সবাজারে
বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে কক্সবাজারে এক হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক একটি বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র নির্মিত হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় আড়াই শ কোটি মার্কিন ডলার। ভারত ও দক্ষিণ এশিয়াবিষয়ক মালয়েশিয়ার বিশেষ কূটনীতিক দাতুক সেরি সামি ভেল্লু বলেন, মালয়েশিয়ার ‘তেনাগা ন্যাশনাল বিএইচডি’ (টিএনবি) কোম্পানির আগ্রহে দেশটির ‘ন্যাশনাল ইউটিলিটি জায়ান্ট’ এবং বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড যৌথভাবে এ প্রকল্প হাতে নিয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা যাচ্ছে। গতকাল মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা ডট কম এই খবর জানায়।প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানায়, দুই দেশের বিনিয়োগে বিদ্যুত্ কেন্দ্রটির কাজ শুরু হবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে টিএনবির সঙ্গে কথা বলেছে এবং যৌথ সহযোগিতার ভিত্তিতে বিদ্যুত্ কেন্দ্রের বিষয়ে টিএনবি তাদের আগ্রহ প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানায়, বিদ্যুত্ উত্পাদনের খরচ ও ন্যায্য হিস্যা নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে।স্যামি জানান, বিদ্যুত্ উত্পাদন খাতে টিএনবির যথেষ্ট খ্যাতি আছে। এ মুহূর্তে বাংলাদেশের প্রচুর বিদ্যুত্ প্রয়োজন। তাই বাংলাদেশ সরকার টিএনবির সঙ্গে কাজ করতে চায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যৌথ এ বিদ্যুত্ কেন্দ্রের ব্যাপারে তাঁর আগ্রহের কথা প্রকাশ করেছেন। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ উপমন্ত্রী মুহাম্মদ এনামুল হক মালয়েশিয়া সফর শেষে ঢাকা ও কুয়ালালামপুর এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে।