২৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে থেকে গতকাল শুক্রবার রাতে ফেনসিডিলের আড়াই হাজার বোতলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগের একটি দল। গ্রেপ্তার হওয়া লোকজনের মধ্যে ঝিনাইদহ টেলিফোন এক্সচেঞ্জের একজন টেকনিশিয়ান ফখরুল ইসলাম (৪৪) রয়েছেন।অভিযানের নেতৃত্বে থাকা ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানান, গতকাল রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রাইভেট কার-ভর্তি ফেনসিডিলের বোতলসহ ফখরুল ইসলাম ও তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ফখরুল ঝিনাইদহের টেলিফোন এক্সচেঞ্জে চাকরির পাশাপাশি ঝিনাইদহ থেকে ঢাকায় ফেনসিডিল এনে বিক্রি করেন বলে জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন ইলিয়াস হোসেন (৪২), তৌহিদুল ইসলাম (৪৫), মাসুদ মিয়া (৪০) ও মতিউর রহমান (৩৮)।গ্রেপ্তারের পর মতিউর রহমান জানান, ফখরুল যশোরের ঝিনাইদহ থেকে ফেনসিডিলের চালান এনে ইলিয়াসের কাছে বিক্রি করতেন। ইলিয়াস সেগুলো ঢাকার কাজীপাড়া এলাকায় নিজ বাসায় মজুদ রাখতেন। এরপর নিজেই সেগুলো পাইকারি ও খুচরা দরে বিক্রি করতেন। কিছু অংশ মাসুদ ও তাঁর (মতি) কাছেও বিক্রি করতেন। তারা সেগুলো শহরের বিভিন্ন এলাকায় খুচরা দরে বিক্রি করতেন। মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ফেনসিডিল কেনা-বেচার সঙ্গে জড়িত গোটা চক্র শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনকে ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।