তথ্য অধিকার আইনের নির্দিষ্ট ফরম ব্যবহার করে গত বছর তথ্য চেয়ে করা আবেদনের সংখ্যা ছিল ২৫ হাজার ৪১০টি। এর মধ্যে ৭৫টি আবেদন প্রত্যাখ্যাত হয়। তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদনে (২০১০) ওই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তথ্য অধিকার আইন জারির প্রথম বছর দেশের ২৯টি জেলায় তথ্য প্রাপ্তির জন্য কোনো আবেদন বা অনুরোধ জমা পড়েনি। এর কারণ আইনের মাধ্যমে কীভাবে উপকার পাওয়া যাবে তা এসব জেলার মানুষ জানে না। আইনটি প্রচারে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি বলেও প্রতিবেদনে স্বীকার করা হয়েছে। প্রতিবেদনে তৃণমূল পর্যায়ের মানুষকে আইনটি সম্পর্কে সচেতন করা ও তথ্য পৌঁছে দেওয়ার বিষয়টি কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনটি বাস্তবায়নে তথ্য কমিশনকে পূর্ণ আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্যও কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সরকার তথ্য অধিকার আইন-২০০৯ পাস করে। আইন জারির ৯০ দিনের মধ্যে গঠিত হয় তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘তথ্য প্রাপ্তির জন্য এক বছরে ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। অর্থাৎ এক বছরে আমরা অনেকদূর এগিয়েছি। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষ তথ্যের মূল্য বাবদ ১৪ লাখ ২১ হাজার ৮৮৭ টাকা আদায় করেছে। সব মিলিয়ে বলা যায়, আমরা ইতিবাচক পথেই এগোচ্ছি।’প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগ্নেয়াস্ত্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স, পাসপোর্ট, জলমহাল ইজারা, খাস-অর্পিত-সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি, আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, ভিজিডি কার্ড প্রদান, বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিদের বৈবাহিক সনদপত্র, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, ভূমির নামজারীকরণ, জমির খতিয়ান ইত্যাদি বিষয়ে জনগণ আইনের আওতায় তথ্য জানতে চেয়ে আবেদন করেছে। মোট আবেদনের মধ্যে প্রত্যাখ্যাত হওয়া ৭৫টি আবেদনের আপিল-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপরও তথ্য না পেয়ে ২৩টি আবেদন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য কমিশনে অভিযোগ করেছেন। এর মধ্যে ১৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। তবে নিষ্পত্তি হওয়া অভিযোগগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত কারণ না থাকায় ক্ষতিপূরণ আদেশ বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানা করা হয়নি। বাকি ৫৭টির শুনানি চলছে। মোট আবেদনের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে পাঠানো আবেদনের সংখ্যা ছিল ২২ হাজার ৯৬৯টি। বেসরকারি সংস্থাগুলোর কাছে আবেদন জমা পড়ে দুই হাজার ৪৪১টি।জেলা পর্যায়ের চিত্র: প্রত্যেক জেলার নিজস্ব ওয়েবসাইটে তথ্য অধিকার আইন সংযোজনের জন্য জেলা প্রশাসক বরাবর তথ্য কমিশন চিঠি পাঠায়। তবে কমিশন গত বছর দুই দফায় জেলা ওয়েবসাইট পরীক্ষা করে দেখতে পায়, মাত্র ৩৪টি জেলার বাতায়নে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য কমিশন বিভিন্ন জেলায় প্রাপ্ত আবেদনের সংখ্যা জানতে চেয়ে চিঠি পাঠায়। নারায়ণগঞ্জ ও ভোলার জেলা প্রশাসক প্রতিবেদনে জানান, জেলায় প্রাপ্ত আবেদনের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ১০০ ও ছয় হাজার ২৪৪টি। অন্যান্য জেলার প্রতিবেদনের সঙ্গে সংখ্যাটি না মেলায় কমিশন আইনের আওতায় নির্ধারিত ফরমে আবেদন করা হয়েছিল কি না জানতে চায়। এর উত্তরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছিলেন, আবেদনের মধ্যে মাত্র একটি আইনের আওতায় জানতে চাওয়া হয়। অন্যদিকে ভোলায় আইনের আওতায় একটি আবেদনও জমা পড়েনি বলে জানান জেলা প্রশাসক।জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক প্রসঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ডেস্কে লোকজন তথ্য জানতে আসে ঠিকই, তবে তা আইনের আওতায় নয়। অথচ এ ডেস্কে অফিস সময়ে দুজন কর্মচারী দায়িত্ব পালন করেন। কম্পিউটারসহ অন্যান্য সব সহযোগিতাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীকে। তাই ফ্রন্ট ডেস্কে আইন অনুযায়ী জেলা প্রশাসন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে তথ্য কমিশন।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসন নিজেই তথ্য অধিকার আইন ও ফ্রন্ট ডেস্ক সম্পর্কে বিভ্রান্তিতে আছে। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের এ দুইয়ের মধ্যে পার্থক্য করতে না পারাটাই স্বাভাবিক।দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: প্রতিবেদন অনুযায়ী মন্ত্রণালয়, সংস্থা, বিভাগসহ সরকারি অফিসে ছয় হাজার ২৫৫ জন ও বেসরকারি সংস্থাগুলোতে এক হাজার ৫৮১ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে কমিশন বছরে মাত্র দুই হাজার ৫২০ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম হাতে নেয়। প্রশিক্ষণ পান ৬০০ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এসব কর্মকর্তার অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে কমিশন।সুপারিশ: তথ্য প্রাপ্তি, আপিল আবেদন ও অভিযোগ করার জন্য ফি নির্ধারণ, তথ্য দেওয়ার জন্য নির্ধারিত সময় কমানোর জন্য প্রতিবেদনে সুপারিশ করেছে কমিশন। বেসরকারি, দেশীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে আইনের আওতায় অন্তর্ভুক্ত করা, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষ তথ্য কমিশনের আদেশ বা সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে কমিশনকে আদালত অবমাননা বা এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণের ক্ষমতা দেওয়ারও সুপারিশ করেছে। আইনে প্রতিবন্ধী, আদিবাসী, নারী ও শিশুদের তথ্য প্রাপ্তির বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করে কমিশন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ ও তথ্য দেওয়ার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।