কিছু কেন্দ্রে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত বরগুনার সদর ও বেতাগী উপজেলার ১৭টি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।একই দিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ও দুমকি উপজেলার তিনটি ইউনিয়নেও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়।শুধু বরগুনার বেতাগীর দক্ষিণ ছোপখালী কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে ছোটখাটো সংঘর্ষ হয়। আর বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর ছোট মোকামিয়া কেন্দ্র, বেতাগী ইউনিয়নের দক্ষিণ বেতাগী কেন্দ্র ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া কেন্দ্র থেকে চারজনকে আটক করা হয়।এ ছাড়া ভোট গ্রহণের সময় প্রচারণা চালানোর অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ছিল। সকাল আটটা থেকেই কেন্দ্রগুলো ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। অনেক কেন্দ্রে স্থানসংকটের কারণে নারীদের ভোট দিতে বিলম্ব হয়।বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সবগুলো কেন্দ্রেই দিনভর উত্তেজনা চলছিল। সকাল সাড়ে ১১টার দিকে এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান ও তাঁর সমর্থকেরা মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে এবং নিজের ‘তালা’ প্রতীকের স্লোগান দিতে থাকেন। তখন ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ কেন্দ্রে দিনভর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট ও সমর্থকেরা কোণঠাসা ছিলেন। দুপুরে ভোটকেন্দ্রে আসার সময় আবদুর রশিদ নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে আক্রান্ত হন। আহত রশিদ জানান, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থক, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা তাঁকে মারধর করেছেন।বরগুনা সদর আসনের সরকারদলীয় সাংসদের ভায়রা এখানে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় আগে থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের মনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ছিল। ফলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশি নজরদারি ছিল এ ইউনিয়নে।বেতাগীর সদর ইউনিয়নের পূর্ব রানীপুর কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল। অবশ্য ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি। গতকাল ১০টা ৪৩ মিনিটে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রিসাইডিং কর্মকর্তা ননীগোপাল সমদ্দার বলেন, প্রশাসন ও এলাকার লোকজন সহযোগিতা করেছেন।নির্বাচন চলাকালে সকাল নয়টা ২৯ মিনিটে মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া কেন্দ্রে দেখা যায় নারী ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রের সামনে ছোট মাঠে কোনোমতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন তাঁরা। নারী ভোটারদের জন্য তিনটি বুথ খোলা হলেও ভোট গ্রহণে অনেক বিলম্ব ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেন্দ্রে নারী ভোটার বেশি থাকায় তাঁদের জন্য তিনটি বুথ খোলা হয়েছে। আরও একটি বিশেষ বুথ রাখা হয়েছে।