২৬ কেজি ওজনের কাতল ৩০ হাজারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পদ্মা নদী থেকে ২৬ কেজি ওজনের কাতল মাছ ধরেছেন এক জেলে। আজ শনিবার ভোরে স্থানীয় বাজারে সেই মাছ বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। পরে রাজধানীর বাজারে মাছটি বিক্রি হয় ৩০ হাজার টাকায়। ফরিদপুর জেলার ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকন্দি এলাকায় পদ্মা নদী থেকে জেলে স্বপন মালো ২৬ কেজি ওজনের কাতল মাছটি ধরেন। বেড়জাল (বড় আকারের জাল) দিয়ে ধরা হয় মাছটি। স্থানীয় শরীয়তুল্লাহবাজারে বিক্রির জন্য নেওয়া হলে মাছটি দেখতে ভিড় জমে যায়। বাজারের মাছ বিক্রেতা জগদীশ দাস ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।জগদীশ দাস বলেন,‘ওই মাছটি আমি ঢাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি। তবে জগদীশ ওই ক্রেতার নাম বলতে রাজি হননি।’শরীয়তুল্লাহবাজারের প্রবীণ মাছ বিক্রেতা নারায়ণ চন্দ্র মালো (৮১) বলেন, গত ১৫ বছরে এত বড় মাছ এ বাজারে বিক্রি হতে দেখা যায়নি।