শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রম নিয়মিত চলবে।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, বৈঠকে ক্লাস ও অন্যান্য শিক্ষাকার্যক্রম নিয়মিত চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা ২৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ভয়ে শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।১১ জানুয়ারি ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের পর ১৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকে শিবির। এরপর কয়েকটি বিভাগে পরীক্ষা হলেও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন না। পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শহর থেকে ক্যাম্পাসে যাচ্ছে।এদিকে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের মূল ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, শিবিরকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা এবং ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি করেন। শিক্ষাকার্যক্রম দ্রুত চালু করার দাবি জানান তিনি।এ ছাড়াও ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে আজ উপাচার্যের দপ্তরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাজল দাস বলেন, ‘সন্ত্রাস ও দখলদারি দূর করে অবিলম্বে ক্লাস ও পরীক্ষা চালু করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি।’