২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে ওই দিন।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।এদিকে, সংবাদপত্রশিল্পের জন্য খুব শিগগির অষ্টম ওয়েজ বোর্ড গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের একটি অংশের নবনির্বাচিত কমিটির সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।এর আগে দুপুরে সাংবাদিকদের সমাবেশ থেকে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ২৭ মে তথ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদের স্পিকারকে আগামী ৫ জুন স্মারকলিপি প্রদান, ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি ঘোষণা করা হয়।সাংবাদিকদের চারটি সংগঠন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ কর্মসূচি পালন করে।বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি সচিবালয়ের পশ্চিম পাশে ৫ নম্বর ফটক অতিক্রম করলে পুলিশ কাঁটাতারের বেষ্টনী দিয়ে বাধা দেয়। সেখানেই তাঁরা অবস্থান নেন। একই সময় সাংবাদিকদের আরেকটি পক্ষ প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় হয়ে মুক্তাঙ্গন, নূর হোসেন চত্বর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে। পরে এই পক্ষের সাংবাদিকেরা কর্মসূচিতে যুক্ত হন।সভাপতির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘এর পরও যদি হত্যাকারীদের গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার দাবি পূরণ করা না হয়, তাহলে সারা দেশে সব গণমাধ্যমে কর্মবিরতি পালন করাসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, মানুষের ধারণা, সরকার সাগর-রুনির খুনিদের ধরতে চাইছে না। এই খুনের ঘটনা নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এর দায় সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, ‘একবার সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন, “স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।” আজ বলতে হয়, স্বাধীন সাংবাদিকতার গ্যারান্টি চাই।’বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, এ আন্দোলনের সঙ্গে সম্পাদকেরাও যুক্ত হয়েছেন। সরকারকে এ বার্তাটি বোঝার অনুরোধ করছি। তিনি বলেন, এ আন্দোলন বন্ধ হওয়ার একমাত্র পথ, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করা।জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘সাগর-রুনির খুনের ঘটনার তদন্তকারী গোয়েন্দা পুলিশ ব্যর্থতার দায় স্বীকার করেছে। মানুষ আশা করেছিল, এ ব্যর্থতার দায় বহন করে আপনি পদত্যাগ করবেন।’জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন, সাগর-রুনির হত্যাকারীদের অতিদ্রুত খুঁজে বের করবেন। তিন মাস পার হলো, কোনো অগ্রগতি দেখিনি। তিনি বলেছিলেন, পেশাগত দায়িত্ব পালনে কোনো সাংবাদিক আর নির্যাতনের শিকার হবেন না। অথচ, গত এক মাসে ১৫ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।’ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাসচাপায় নিহত ইনডিপেন্ডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহার স্ত্রীর চাকরির ব্যবস্থা করা এবং বাসচাপায় পা হারানো আরেক সাংবাদিক নিখিল ভদ্রের চিকিৎসায় সরকারি ঘোষণা অনুযায়ী বাকি টাকা দ্রুত দেওয়ার দাবি জানান।সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, শাহ আলমগীর, আবদুস শহিদ, বাকের হোসাইন, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান, শাবান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। আরও বক্তব্য দেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার প্রমুখ।গত ১০ ফেব্রুয়ারি রাতের কোনো একসময় রাজধানীর পূর্ব রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তিন মাস পরও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারেনি।অষ্টম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর: ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে গেলে সংবাদপত্রশিল্পের জন্য খুব শিগগির অষ্টম ওয়েজ বোর্ড গঠন করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সভায় উপস্থিত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীকে জানান, অষ্টম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু সংবাদপত্রশিল্পের মালিকদের পক্ষ থেকে প্রতিনিধির নাম না দেওয়ায় ওয়েজ বোর্ডের ঘোষণা দেওয়া যাচ্ছে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মালিকেরা তাঁদের প্রতিনিধির নাম না দিলে সরকার মালিকদের প্রতিনিধির নাম মনোনয়ন দেবে।এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।