২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে সাংবাদিকদের পদযাত্রা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে প্রবীণ সাংবাদিকদের নিয়ে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দিয়েছে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। আজ মঙ্গলবার সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এই কর্মসূচি থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন।সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সম্মিলিতভাবে আজ এ কর্মসূচি পালন করে।আজকের সমাবেশ থেকে আগামী ৫ জুন সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রণয়নে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান, আগামী ২৭ মে অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে তথ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া আন্দোলনে সম্পৃক্ততা বাড়াতে আগামী ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণমাধ্যম কার্যালয়ে আলোচনা করা হবে।বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাওয়ার জন্য রওনা হন। তবে সচিবালয়ের পাঁচ নম্বর ফটক অতিক্রম করলে পুলিশ বাধা দেয়। তাঁরা সেখানেই অবস্থান নেন। সাংবাদিকদের আরেকটি পক্ষ জাতীয় প্রেসক্লাব থেকে পুরানা পল্টন হয়ে মুক্তাঙ্গন নূর হোসেন চত্বর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে। পরে তাঁরাও ঘেরাও কর্মসূচিতে যোগ দেন।গত ১০ ফেব্রুয়ারি রাতের কোনো একসময় রাজধানীর রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পর দিন পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।