প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। সিআইডি আজ বুধবার প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন করে প্রতিবেদন দাখিলের এই দিন নির্ধারণ করেন। আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সিআইডি তা জমা দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক এ তারিখ ধার্য করেন। গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলা সিআইডি তদন্ত করছে। এর আগে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফা প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। এ মামলায় এ পর্যন্ত দুই হাজার ২৬৪ জন জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।