২৬ জুলাই থেকে রেলের টিকিট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬ জুলাই থেকে আগাম টিকিট ছাড়বে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে যাত্রীসাধারণের ভ্রমণের সুবিধার্থে আন্তনগর ট্রেনগুলোর কোনো ‘অফ ডে’ থাকবে না। এ সময়ে পাঁচ জোড়া বিশেষ ট্রেন, ঈদের দিন শোলাকিয়া এক্সপ্রেস ট্রেন চালানো ছাড়াও আন্তনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। খবর বাসস।বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে রেলওয়ের পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে মোট ১৩৫টি কোচ মেরামত করে বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৮০টি এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৮০টি কোচ মেরামত করা হচ্ছে।ঈদের পাঁচ দিন আগে আন্তনগর ও স্পেশাল ট্রেনের টিকিট ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলমুখী বা ফেরত যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।যাত্রীবাহী ও স্পেশাল ট্রেন পরিচালনার সুবিধার্থে পূর্বাঞ্চলে ১০৭, পাকশীতে ৫৫ ও লালমনিরহাটে ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে। ঈদের তিন দিন আগে থেকে পূর্বাঞ্চলে কন্টেইনার এক্সপ্রেস ছাড়া কোনো মালামাল বহনকারী ট্রেন চলাচল করবে না।টিকিট কালোবাজারি রোধে নিরাপত্তা বাহিনী থাকবেঅগ্রিম টিকিট বিক্রির সময় ঢাকা স্টেশনের চারদিকে এক বর্গকিলোমিটার এলাকা গোয়েন্দা তত্পরতার মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। কালোবাজারি রোধে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।এ ছাড়া ঈদের আগে তিন দিন ও ঈদের পরে পাঁচ দিন ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ করা হবে।