২৬ ডিসেম্বর হরতাল ডেকেছে ওলামা মাশায়েখ পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি পাসের প্রতিবাদে ২৬ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ধর্মভিত্তিক দলগুলোর সংগঠন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। এর আগে আজ বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ করবে সংগঠনটি। সংগঠনটির দাবি, ‘পাস হওয়া শিক্ষানীতি ধর্মহীন।’ গত মঙ্গলবার সংসদে শিক্ষানীতি পাস হয়।গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মুহিউদ্দিন খান এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষানীতি পাস হওয়ার আগে গত সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেও তিনি ২৬ ডিসেম্বর হরতাল করার ঘোষণা দিয়েছিলেন। কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় আবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা প্রত্যাহারও করে নেন। তখন বলা হয়েছিল, ২৬ ডিসেম্বরের পর হরতাল ডাকা হবে। ধারণা করা হয়েছিল, বিজয়ের মাস ডিসেম্বরে আর হরতাল ডাকা হবে না। কিন্তু গতকাল সেই ২৬ ডিসেম্বরেই হরতালের ডাক দিল সংগঠনটি।মুহিউদ্দিন খান বলেন, ‘শিক্ষানীতির খসড়া প্রকাশের পর আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আমরা কিছু সুপারিশ করেছিলাম। তিনি বিবেচনা করবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো সংশোধনী গ্রহণ করা হয়নি। আমরা সরকারের এই হীন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেব না।’মুহিউদ্দিন খান বলেন, ‘আমরা এই শিক্ষানীতি প্রত্যাখ্যান করলাম। যে পর্যন্ত এটা সংশোধন না হয়, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’এরপর কর্মসূচি ঘোষণা করেন মুহিউদ্দিন খান। আজ বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বিক্ষোভের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সব শেষে ২৬ ডিসেম্বর হরতাল।সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ পরিষদের নেতারা দাবি করেন, তাঁরা শিক্ষানীতির ১৭টি সমস্যা চিহ্নিত করেছিলেন। এসব সমস্যাসংবলিত একটি পুস্তিকাও পরিষদ সাংবাদিকদের দেয়। কিন্তু মজার বিষয় হলো এই ১৭টি ত্রুটি ইসলামিক এডুকেশন সোসাইটি নামে একটি সংগঠনের পুস্তিকায় আছে। পুস্তিকাটি ওলামা মাশায়েখ পরিষদের পুস্তিকার অনেক আগে প্রকাশ করা হয়েছে। ইসলামিক এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির নাজির আহমেদ।আপনারা কেন অন্য একটি সংগঠনের তৈরি করা সমালোচনা নিজেদের বলে দাবি করছেন—জানতে চাইলে মাওলানা মুহিউদ্দিন খান প্রথমে দাবি করেন, তাঁরা অন্য কোনো সংগঠনের বক্তব্য নিজেরা দিচ্ছেন না। তিনি উল্টো প্রশ্ন করেন, ‘সেই সংস্থা কী বলেছে?’ পরে অবশ্য তিনি বলেন, ‘সেই সংস্থা (ইসলামিক এডুকেশন সোসাইটি) ওলামা মাশায়েখ পরিষদের লোকেরাই চালায়।’ওই সংস্থায় পরিষদের কোনো লোক নেই—বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হলে মুহিউদ্দিন খান বলেন, ‘ওটা কি বিদেশি সংস্থা? কেন তাদের সমালোচনা নেওয়া যাবে না?’এ সময় পরিষদের নেতা আলমগীর মজুমদার বলেন, এই সমালোচনাগুলো যদি ইসলামিক এডুকেশন তৈরি করে থাকে, সেটি যদি একটি ভালো দলিল হয় এবং ওলামা মাশায়েখ পরিষদ যদি সেটি গ্রহণ করে, তাতে আপত্তি থাকার কথা নয়।এক প্রশ্নের জবাবে মুহিউদ্দিন খান বলেন, ‘আশা করি, আমাদের কর্মসূচিতে অন্য ইসলামি দলের সমর্থন থাকবে।’আইম্মাহ পরিষদের সভাপতি মহিউদ্দিন রাব্বানী বলেন, ‘আমরা অন্যান্য দলকে আহ্বান জানাব, আপনারা আমাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করুন।’অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।