২৬ ডিসেম্বরের হরতাল প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ডিসেম্বরের ঘোষিত হরতাল প্রত্যাহার করতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খানের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষানীতির খসড়া করার পর মুহিউদ্দীন খান তাঁর সঙ্গে দেখা করে দুটি বিষয়ে আপত্তির কথা বলেছিলেন। এগুলো বাদ দেওয়া হবে বলার পর তিনি মোনাজাতও করেছিলেন।আজ বুধবার মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসাশিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছিন আয়োজিত মাদ্রাসাপ্রধানদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষানীতি সবাই মেনে নিয়েছে। এখন হঠাত্ শুনলাম ২৬ ডিসেম্বর এর বিরুদ্ধে হরতাল দেওয়া হয়েছে। যিনি হরতাল ঘোষণা করেছেন তিনি বললেন, শিক্ষানীতি নিয়ে তিনি দাবি দিয়েছিলেন, কিন্তু আমি তা মানিনি। আমি অতটা বেয়াদব না। তিনি মুরুব্বি। মুরুব্বিদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় আমি তা জানি। আমি বলব না তিনি মিথ্যা কথা বলছেন, আমি বলব তিনি সঠিক কথাটা বলেননি।’শিক্ষামন্ত্রী জানান, শিক্ষানীতির খসড়া করার পর মুহিউদ্দীন খান একটি প্রতিনিধিদল নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে তারা ধর্মনিরপেক্ষতা ও ললিতকলা শিক্ষার বিষয়ে আপত্তির কথা তুলেছিলেন। এ দুটি বিষয় বিবেচনা করার আশ্বাস দিলে মুহিউদ্দীন খান মোনাজাত করেন। এখন কেন সেই তিনি আবার হরতাল ডেকেছেন—এটা বুঝতে পারছেন না শিক্ষামন্ত্রী।মুহিউদ্দীন খানকে হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘হরতাল করার দরকার নাই। এতে জনগণের কষ্ট হয়। সবাই শিক্ষানীতিকে সমর্থন দিয়েছে। আপনি এসব বন্ধ করে আলোচনায় বসুন। মিছামিছি অর্থনীতির ক্ষতি করে লাভ কি? হরতাল করে শিক্ষানীতির কোনো ক্ষতি করতে পারবেন না’।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষানীতির খসড়া করার আগে সব মহলের মতামত নিয়েছি। শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, আলেম সমাজ এমনকি নিরক্ষর লোকদের সঙ্গেও কথা বলা হয়েছে। এরপর আমরা খসড়াটিকে ওয়েবসাইটে দিয়েছি, এরপর সবার মতামত নিয়ে সেটি চূড়ান্ত করে সংসদে উপস্থাপন করেছি। এরপর সেটি পাস করা হয়েছে। কোনো কথা থাকলে কেউ যেন আপত্তি জানাতে পারে, সেই সময় আমরা দিয়েছি। ...তবে আমাদের কাজে ভুল হতে পারে। তা ধরা পড়লে অবশ্যই শুধরে নেওয়া হবে। এই নীতি অপরিবর্তনীয় নয় কোনোভাবে।’প্রতিনিধি সম্মেলনে সারা দেশ থেকে মাদ্রাসার শিক্ষকেরা যোগ দেন। জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি এম এম বাহাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সংগঠনের মহাসচিব সাব্বির আহমেদ মমতাজী প্রমুখ বক্তব্য দেন।