২৬ প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন ২৬টি প্রতিষ্ঠানকে আগামী ছয় মাসের মধ্যে শেয়ার ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে সরকার। পুঁজিবাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) মাধ্যমে কোম্পানিগুলো বাজারে আসবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই নির্দেশ দিয়ে বলেছেন, জাতীয় স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘শেয়ারবাজারে এত টাকা! সরবরাহ না বাড়ালে তো শেয়ারের দাম অহেতুক বেড়ে যাবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশেই সরকারি কোম্পানিগুলো শেয়ার ছাড়তে চায় না। এটা এক ধরনের নির্বুদ্ধিতা। এ মানসিকতার পরিবর্তন দরকার।’ শেয়ার ছাড়ার জন্য নির্দেশপ্রাপ্ত মন্ত্রণালয়গুলো হচ্ছে— জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুত্ বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। অর্থমন্ত্রী গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি মালিকানাধীন কোম্পানি ও সংস্থাগুলোর শেয়ার বাজারে ছাড়াসংক্রান্ত কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। যেসব কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে দুই ভাগ রয়েছে। কিছু কোম্পানি রয়েছে যারা ইতিমধ্যেই শেয়ারবাজারে তালিকাভুক্ত, আর বাকিগুলো একেবারেই নতুন। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ন্যূনতম অংশ শেয়ারবাজারে থাকলেও তাদের আরও শেয়ার ছাড়তে বলা হয়েছে। ইতিমধ্যেই তালিকাভুক্ত তবে আরও শেয়ার ছাড়তে হবে এমন কোম্পানি রয়েছে সাতটি। যেমন, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), রেকিট অ্যান্ড বেনকাইজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি), বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (হোটেল শেরাটন), পদ্মা অয়েল, ডেসকো ও পাওয়ার গ্রিড। অন্য কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগই হচ্ছে জ্বালানি বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন। আবার শিল্প মন্ত্রণালয়ের অধীন কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগই হলো বহুজাতিক কোম্পানিতে (এমএনসি) সরকারি অংশের শেয়ার। প্রথমবারের মতো শেয়ার ছাড়তে হবে এমন কোম্পানিগুলো হচ্ছে—লিকুইটিফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড (এলপি গ্যাস), বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, রুরাল পাওয়ার কোম্পানি, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (সোনারগাঁও হোটেল), বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), হোয়েকস্ট বাংলাদেশ লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট, মিরপুর সিরামিকস ওয়ার্কস, প্রগতি ইন্ডাস্ট্রিজ, চিটাগাং ড্রাই ডক লিমিটেড এবং এসেনশিয়াল ড্রাগ কোম্পানি। এ ছাড়া রয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের বিপরীতে বন্ড ইস্যু করা। আর তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যে মধ্যে রয়েছে এভেন্টিজ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। বাজার মূলধন এখন জাতীয় আয়ের ৩০ শতাংশ। বিপুল পরিমাণ এই পুঁজির সদ্ব্যবহার দরকার। সে কারণেই দরকার শেয়ারের সরবরাহ বাড়ানো। তাই সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানায়, ২০০৫ সালের মাঝামাঝিতে সরকারি মালিকানাধীন ৬২টি কোম্পানি ও প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল। পাঁচ বছরে মাত্র ছয়টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এগুলো বাদে কোম্পানির সংখ্যা এখন ৩২টিতে নামিয়ে আনার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, এগুলো থেকেই ২৬টিকে শেয়ার ছাড়ার প্রস্তুতি নিতে হবে আগামী ছয় মাসের মধ্যে। অর্থমন্ত্রী বলেন, শেয়ার ছাড়ার পূর্বশর্ত হিসেবে এদের করপোরেট কোম্পানিতে রূপান্তরিত হতে হবে। যারা এখনো করপোরেটে রূপান্তরিত হয়নি, তাদের শিগগিরই কোম্পানি গঠন করতে হবে। এ জন্য কাউকে চার মাস আবার কাউকে সর্বোচ্চ ছয় মাস সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।সম্পদের পুনর্মূল্যায়নসহ অনেক অজুহাতে কোম্পানিগুলো বাজারে শেয়ার ছাড়তে ঢিলেমি করে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেকগুলো কোম্পানির সম্পদের পুনর্মূল্যায়নও ইতিমধ্যে শেষ। শিপিং করপোরেশনসহ কয়েকটি কোম্পানি চাইলে এক দিনেই আরও শেয়ার ছাড়তে পারে। ইউনিলিভারসহ বহুজাতিক কোম্পানিগুলো পাঁচ বছর ধরেই বাজারে তালিকাভুক্ত হওয়ার কথা বলে আসছে। তাদেরও রয়েছে নানা অজুহাত। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইন অনুযায়ী কোনো কোনো কোম্পানির সরকারের হাতে থাকা অংশ তার অংশীদারের কাছে বিক্রির বিধান রয়েছে। এ ছাড়া জিইএম কোম্পানি এবং বাংলাদেশ ব্লেড কারখানাকে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। আবার ক্রমাগত লোকসান দেওয়ার কারণে ১৩টি চিনিকলকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সূত্র আরও জানায়, ৫৪২ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প চলায় টেলিটক, পুঞ্জীভূত লোকসানের কারণে কর্ণফুলী পেপার মিলস, বাংলাদেশ ইন্স্যুলেটর ও স্যানিটারি ওয়্যার এবং ছাতক সিমেন্ট কারখানার শেয়ার ছাড়ার বিপক্ষে মত দিয়েছে এসইসি। আর উসমানিয়া গ্লাস, এটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউবস ও ইস্টার্ন কেব্লসের বিষয়ে মামলা থাকায় এগুলোর শেয়ার ছাড়ার বিষয় আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা এবং এসইসির চেয়ারম্যান এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, বাজারের আকার এখন এত বড় হয়েছে যে ছয় মাসের মধ্যে সব কোম্পানি তালিকাভুক্ত হলেও কোনো সমস্যা হবে না। তবে সরবরাহ বাড়াতে সরকারি কোম্পানির পাশাপাশি বেসরকারি খাতকেও আকর্ষণ করার বিধিবিধান প্রণয়নের পরামর্শ দেন তিনি।