২৬ মার্চ বিদেশিদের সম্মাননা প্রদানের অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য যে ৪৭ জন বিদেশি নাগরিক ও পাঁচটি বিদেশি প্রতিষ্ঠানকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সম্মাননা দেওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সরকার আগামী ১৬ ডিসেম্বর তাঁদের সম্মাননা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সরকারের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।সূত্র জানায়, ওই বিদেশি নাগরিকদের দেশে আনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু লিবিয়ায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা এবং জাপানে ভূমিকম্প ও সুনামির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস লিবিয়া ও জাপানের ঘটনায় ব্যস্ত রয়েছেন। এ সময় বিদেশি নাগরিকদের আনা-নেওয়া করা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। তাই ২৬ মার্চ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান স্থগিত করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ওই ৪৭ বিদেশি নাগরিক ও পাঁচ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করবেন। ওই ৪৭ জনের মধ্যে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ফিল্ড মার্শাল মানেক শ, জেনারেল জগজিৎ সিং অরোরা, যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডি, গায়ক জর্জ হ্যারিসন প্রমুখ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন, জেনেভাভিত্তিক আন্তর্জাতিক জুরিস্ট কমিশন, বিবিসি ও আকাশবাণী।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, বিদেশি নাগরিকদের আনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু লিবিয়া ও জাপানের ঘটনায় মন্ত্রণালয় ব্যস্ত থাকায় ২৬ মার্চের সম্মাননা প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, জাপানের প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় সহায়তার জন্য বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেডকে প্রস্তুত রাখা হয়েছে। জাপানের সরকার ও জনগণ চাইলে স্বল্পতম সময়ের নোটিশে তারা সে দেশে যেতে সক্ষম। মন্ত্রিসভা জাপানের ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জাপানের জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত আছে বাংলাদেশ।সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, এরই মধ্যে অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মিসরে অবস্থান করে বিষয়টি দেখভাল করছেন। কয়েক দিনের মধ্যে তিউনিসিয়া সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদেরও দেশে আনা হবে। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সে দেশে যাবেন। বৈঠকে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জাহাজ জাহান মণি নিয়েও আলোচনা হয়। বৈঠকে বলা হয়, নাবিকসহ জাহান মণি দেশের উদ্দেশে রওনা হয়েছে।সূত্র আরও জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলেন। তিনি এ ঘটনা নিয়ে গণমাধ্যম ও সুশীল সমাজের মধ্যে আলোচনা না হওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি এভাবে কথায় কথায় গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।জাতীয় লবণনীতির খসড়া অনুমোদন: প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে জাতীয় লবণনীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। লবণশিল্পের উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয়ভিত্তিক লবণনীতি না থাকায় নানা সমস্যা হচ্ছিল। লবণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এ নীতি প্রণয়ন করা হয়েছে। এ নীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো লবণ আমদানি হ্রাস করা, কর্মসংস্থান সৃষ্টি, লবণচাষিদের ন্যায্য মূল্য দেওয়া, লবণে আয়োডিন মেশানো প্রভৃতি।