শাহবাগ থেকে মাসব্যাপী কর্মসূচি (ভিডিও)
২৬ মার্চের আগে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করতে হবে
আগামী ২৬ মার্চের আগে জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরুর আলটিমেটাম দিয়ে মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগের মহাসমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। সমাবেশের ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি রায়ের আগের দিন বেলা তিনটায় প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হবে। পাশাপাশি শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশের সব গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক কর্মসূচি এবং প্রতি শুক্রবার প্রতিবাদী সমাবেশ হবে। দাবি আদায়ে সময়সীমাশাহবাগের প্রজন্ম চত্বরের সমাবেশ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার তাঁর ঘোষণায় জানিয়েছেন, ছয় দফা দাবি আদায়ে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। ঘোষিত ছয় দফা দাবির আলোকে সরকারকে কয়েকটি আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। আলটিমেটামগুলোর মধ্যে রয়েছে ব্লগার রাজীব, জাফর মুন্সি, বাহাদুর মিয়া ও কিশোর রাসেল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আগামী ২৬ মার্চের আগে একাত্তরের ঘাতক ও গণহত্যায় নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সংশোধিত ট্রাইব্যুনালস আইন অনুযায়ী অভিযোগ গঠন এবং জামায়াত-শিবির নিষিদ্ধে আইনি-প্রক্রিয়া শুরু করতে হবে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের সংগঠনের আর্থিক উত্স চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা এবং এ বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া গতিশীল করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্থায়ী রূপ দেওয়া। গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদের রক্ষক ও সাম্প্রদায়িক উসকানিদাতা গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।কর্মসূচি২২ ফেব্রুয়ারি মহান স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তীকালে জামায়াত-শিবিরের হাতে নিহত ব্যক্তিদের স্মরণে বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া। এ ছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়ে প্রার্থনা। ২২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে ও দেশের বাইরে শাহবাগের আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর অভিযান। প্রত্যেকে যে যার অবস্থানে থেকে সবার স্বাক্ষর সংগ্রহ করে প্রজন্ম চত্বরে পাঠাবে। এই গণস্বাক্ষর জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হবে। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিটি বিভাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সংহতি সমাবেশ। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বেলা তিনটায় সমাবেশ ও শপথ।২৫ ফেব্রুয়ারি মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বেলা তিনটায় সমাবেশ।২৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ। ১ মার্চ শাহবাগের প্রজন্ম চত্বরসহ দেশের সব গণজাগরণ মঞ্চে বেলা তিনটা থেকে প্রতিবাদী গান।৩ মার্চ বাহাদুর শাহ পার্ক ও ৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় বেলা তিনটায় সমাবেশ। ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও প্রতিবাদী গান। এ ছাড়া দেশের সব গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতি শুক্রবার বেলা তিনটায় প্রতিবাদী সমাবেশ চলবে।এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি রায় ঘোষণার আগের দিন বেলা তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে উপস্থিত হয়ে জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের পর তাত্ক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক শাহবাগে অবস্থান নেয়। এরপর রাত-দিন টানা আন্দোলন চলে শাহবাগের প্রজন্ম চত্বরে। আন্দোলনের ১৭তম দিনে আজ শাহবাগে তৃতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।